চীনের উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশের রাজধানী তাইইউয়ানে একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত ও দগ্ধ হয়েছেন আরও বহু মানুষ। আগুনে আহত ৩৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদন অনুযায়ী, সোমবার (৯ নভেম্বর) চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। বেইজিংভিত্তিক বার্তা সংস্থা সিনহুয়া স্থানীয় কর্তৃপক্ষের বরাতে জানায়, রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় তাইইউয়ান শহরের কেন্দ্রস্থলে অবস্থিত ভবনটিতে আগুন লাগে।
অগ্নিকাণ্ডের পর দগ্ধ ও আহত ৩৮ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে প্রথমে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া যায়। পরে সোমবার সকাল নাগাদ নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়ায়।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবনটি তাইইউয়ান শহরের গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থিত। এর আশপাশে হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, বাণিজ্যিক কেন্দ্র ও পর্যটনস্থল রয়েছে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা জানতে তদন্ত চলছে।
উল্লেখ্য, নির্মাণবিধি যথাযথভাবে অনুসরণ না করা এবং অগ্নিনিরাপত্তার ঘাটতির কারণে চীনে অতীতেও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত বছরের নভেম্বরে হংকংয়ের কয়েকটি বহুতল ভবনে ভয়াবহ আগুনে ১৬৮ জনের মৃত্যু হয়। এর এক মাস পর চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশের একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে প্রাণ হারান ১২ জন।
সূত্র: আনাদোলু ও সিনহুয়া
আরএন