রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও হামলার ঘটনায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পৃথক অভিযানে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ৫ থেকে ৯ নভেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে।
ডিএমপি সূত্রে জানা গেছে, রবিবার (৮ নভেম্বর) দিবাগত রাত ১টা ৪০ মিনিটের দিকে মিরপুরের রূপনগর থানার সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় আশরাফুল (২৭) নামে একজনকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের দাবি, তিনি কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্য।
এদিকে, সোমবার (৯ নভেম্বর) সকাল ৭টার দিকে রাজধানীর রামপুরার বনশ্রী এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় শ্রাবণ সরদার (২০) ও রবিন (২৭) নামে দুজনকে গ্রেপ্তার করেছে রামপুরা থানা-পুলিশ।
অন্যদিকে, গত ৫ নভেম্বর ক্যান্টনমেন্ট থানার আওতাধীন গল্ফ ক্লাবের সামনে পুলিশকে লক্ষ্য করে ককটেল হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ক্যান্টনমেন্ট থানা-পুলিশ চারজন, গোয়েন্দা পুলিশ (ডিবি) পাঁচজন এবং স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) তিনজনকে গ্রেপ্তার করেছে।
ডিএমপি জানিয়েছে, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আরএন