সাবেক চার সংসদ সদস্য, একজন সাবেক গণপরিষদ সদস্যসহ বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে জাতীয় সংসদে শোকপ্রস্তাব গ্রহণ করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনের বৈঠকে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম শোকপ্রস্তাব উত্থাপন করেন। অধিবেশনে সভাপতিত্ব করেন তিনি।
শোকপ্রস্তাবে সাবেক সংসদ সদস্যদের মধ্যে আওয়ামী লীগের মনোয়ার হোসেন চৌধুরী এবং বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমানের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ ও আব্দুল হাইয়ের প্রতিও শোক প্রকাশ করা হয়।
শোকপ্রস্তাবে আরও রয়েছেন সাবেক গণপরিষদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আবু তাহের আবদুল মুনতাকিম।
এ ছাড়া মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের মা আমেনা বেগম, ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমরের মা মোছাম্মাৎ মাকসুদা খানম, লেখক, গবেষক ও চিন্তাবিদ অধ্যাপক সাঈদ উর রহমান এবং বিশিষ্ট সাংবাদিক আমির খসরুর মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের প্রতিও জাতীয় সংসদের পক্ষ থেকে গভীর শোক জানানো হয়।
শোকপ্রস্তাব উত্থাপনকালে স্পিকার বলেন, কোনো বিশিষ্ট ব্যক্তি বা ব্যক্তিবর্গের নাম শোকপ্রস্তাবে বাদ পড়ে থাকলে তাঁদের নাম ও সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত সংসদ সচিবালয়ে পাঠানো হলে পরবর্তী সময়ে তা অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনা করা হবে।
পরে উত্থাপিত শোকপ্রস্তাবগুলো সর্বসম্মতিক্রমে সংসদে পাস হয়। এ সময় প্রয়াত ব্যক্তিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
পরে ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে প্রয়াত ব্যক্তিদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
আরএন