ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ধাওয়া করে দুই যুবককে আটক করেছেন শিক্ষার্থী, স্থানীয় লোকজন ও ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাঁদের শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ঘটনাস্থল থেকে ককটেলভর্তি একটি ব্যাগ ও অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে বৃষ্টির মধ্যে টিএসসি সংলগ্ন মেট্রোরেল স্টেশনের নিচে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিকট শব্দে বিস্ফোরণের পরপরই ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করেন দুই যুবক। এ সময় উপস্থিত লোকজন ধাওয়া করে তাঁদের আটক করেন।
পরে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে আটক দুজনকে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আটক ব্যক্তিরা হলেন জাবির সালেহীন দিপু (২৭) ও আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬)। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাবির সালেহীন দিপুর স্থায়ী বাড়ি বাগেরহাট সদর থানার যাত্রাপুর গ্রামে। অপরজন আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিলের বাড়ি পাবনা জেলার সাঁথিয়া থানার করমজা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মল্লিকপাড়া গ্রামে।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. ইশরাফিল রতন জানান, বিস্ফোরণের পরপরই শিক্ষার্থীরা সন্দেহভাজন দুজনকে আটক করে প্রক্টরিয়াল টিমের কাছে হস্তান্তর করেন। পরে তাঁদের শাহবাগ থানায় দেওয়া হয়।
তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।
তবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ এবং বিস্ফোরণের ঘটনায় তাঁদের সংশ্লিষ্টতার বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
আরএন