হরমুজ প্রণালির দক্ষিণাঞ্চলীয় নৌপথ দিয়ে তেল পাচার সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নৌবাহিনী।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিকে দেওয়া এক বক্তব্যে আইআরজিসি নৌবাহিনীর এক কর্মকর্তা এ দাবি করেন। তিনি জানান, হরমুজ প্রণালির দক্ষিণাঞ্চলের পাথুরে এলাকায় শত্রুপক্ষের নৌ-চলাচল সহায়ক ব্যবস্থা ধ্বংস করার পর গত রাতে কোনো জাহাজ ওই নৌপথে প্রবেশ করতে পারেনি। ফলে ওই পথে তেল পাচারের প্রবাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর হরমুজ প্রণালি বন্ধ করে দেয় তেহরান। একই সঙ্গে প্রণালিতে জাহাজ চলাচলের জন্য নিজেদের নির্ধারিত পথ ব্যবহারের নির্দেশ দেয় দেশটি।
এ পরিস্থিতিতে উপসাগরীয় দেশগুলো যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর নিরাপত্তা পাহারায় জাহাজ থেকে জাহাজে তেল ও গ্যাস স্থানান্তরের মাধ্যমে প্রণালি থেকে জ্বালানি রপ্তানি অব্যাহত রাখার চেষ্টা করছে। এ ধরনের জাহাজ চলাচলকে ‘লঙ্ঘনকারী’ হিসেবে আখ্যা দিয়ে ইরান একাধিক জাহাজে হামলা চালিয়েছে। গত অক্টোবর মাসে এ ধরনের হামলার সংখ্যা রেকর্ড পর্যায়ে পৌঁছায়।
তবে সামুদ্রিক তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠানগুলোর তথ্য অনুযায়ী, জাহাজ থেকে জাহাজে তেল স্থানান্তর এবং বিকল্প নৌপথ ব্যবহারের কারণে ওই মাসে উপসাগরীয় দেশগুলোর তেল রপ্তানি যুদ্ধ শুরুর আগের মাত্রাকেও ছাড়িয়ে যায়।
তবে হরমুজ প্রণালিতে তেল পরিবহনের বাড়তি ব্যয় ও ঝুঁকির কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম উচ্চ পর্যায়ে রয়েছে।
এফএস