ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ইরাকের খোর মোর গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা, ব্যাহত বিদ্যুৎ উৎপাদন
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৮:৪০ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ইরাকের কুর্দিস্তান অঞ্চলের অন্যতম বৃহৎ গ্যাসক্ষেত্র খোর মোরে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। হামলায় গ্যাসক্ষেত্রটির এলপিজি সংরক্ষণ ট্যাংকে আগুন ধরে যাওয়ায় বন্ধ করে দেওয়া হয়েছে উৎপাদন কার্যক্রম। এতে অঞ্চলটিতে প্রায় ২ দশমিক ৮ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়েছে।

রোববার (৮ নভেম্বর) সুলাইমানিয়া প্রদেশে অবস্থিত গ্যাসক্ষেত্রটিতে এ হামলার ঘটনা ঘটে।

ড্রোনটি গ্যাসক্ষেত্রের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) একটি সংরক্ষণ ট্যাংকে আঘাত হানে। এতে সেখানে আগুন ছড়িয়ে পড়ে।

কুর্দিস্তান অঞ্চলের বিদ্যুৎ মন্ত্রণালয়ের দুটি সূত্র জানিয়েছে, হামলার পরপরই গ্যাসক্ষেত্রটির উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। এ সময় আগুন জ্বলছিল। নিরাপত্তা বাহিনীর দুটি সূত্রও গ্যাসক্ষেত্রটি থেকে ধোঁয়া উঠতে দেখার কথা জানিয়েছে।

নিরাপত্তার স্বার্থে গ্যাসক্ষেত্রের কর্মীদের স্থাপনার ভেতরে থাকা আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়। ইরাকের প্রধানমন্ত্রী ও সশস্ত্র বাহিনীর কমান্ডার ইন চিফ আলী আল-জায়েদি জানিয়েছেন, প্রাথমিকভাবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

কুর্দিস্তান অঞ্চলের প্রাকৃতিক সম্পদ ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের এক যৌথ বিবৃতিতে হামলাটিকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে উল্লেখ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, হামলার প্রভাব যতটা সম্ভব কমিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।

খোর মোর গ্যাসক্ষেত্র থেকে কুর্দিস্তান অঞ্চলের বিভিন্ন বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রে গ্যাস সরবরাহ করা হয়। ফলে গ্যাসক্ষেত্রটির কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদনে বড় ধরনের প্রভাব পড়েছে। অঞ্চলটির বিদ্যুৎ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, হামলার কারণে প্রায় ২ দশমিক ৮ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়েছে।

এর আগেও নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছিল গ্যাসক্ষেত্রটি। যৌথ পরিচালনাকারী প্রতিষ্ঠান ডানা গ্যাস গত জুলাইয়ে নিরাপত্তা হুমকি ও আঞ্চলিক উত্তেজনার কারণে এর প্রধান উৎপাদন স্থাপনাগুলোর কার্যক্রম বন্ধ করে দিয়েছিল। তবে কিছুদিন পর আবার উৎপাদন শুরু হয়। 

সূত্র: রয়টার্স

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝