কেমিক্যাল গোডাউন স্থানান্তর প্রক্রিয়া নির্বিঘ্ন ও সফল করতে সংশ্লিষ্ট সকল পক্ষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার এমনভাবে স্থানান্তর কার্যক্রম পরিচালনা করতে হবে, যাতে সাভারের চামড়া শিল্পনগরীর মতো কোনো জটিলতা সৃষ্টি না হয়।
তিনি আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে পুরান ঢাকার নিমতলী ও চুড়িহাট্টার মর্মান্তিক অগ্নিকান্ডের পর কেমিক্যাল গোডাউন ও কারখানাসমূহ কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক, মুন্সিগঞ্জে স্থানান্তরের লক্ষ্যে সংশ্লিষ্ট অংশীজনের সমন্বয়ে এক মতবিনিময় সভায় সভাপতির বক্তৃতায় এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, এ উদ্যোগের সফল বাস্তবায়ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশন, জনপ্রতিনিধি, সংসদ সদস্য এবং ইউটিলিটি সেবা প্রদানকারী সংস্থাগুলোর প্রধানদের সম্পৃক্ত করা হয়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় উদ্যোগটির ওপর মালিকানা প্রতিষ্ঠা করাই এ অংশগ্রহণের মূল উদ্দেশ্য।
শিল্প ইন্ডাস্ট্রিয়াল পার্কে ইটিপি স্থাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে মন্ত্রী বলেন, ইটিপি-সংক্রান্ত সমস্যার সমাধান না করে প্রকল্পের কার্যক্রম শুরু করা যাবে না। কারখানা চালুর প্রথম দিন থেকেই যাতে বর্জ্য পরিশোধনের কার্যকর ব্যবস্থা নিশ্চিত থাকে, সে বিষয়ে একটি বাস্তবসম্মত সিদ্ধান্তে পৌঁছাতে হবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সব পক্ষের সাথে আলোচনা করে কার্যকর সমাধান নির্ধারণের ওপর গুরুত্ব দেন তিনি।
শিল্পমন্ত্রী বলেন, পুরান ঢাকা থেকে চামড়া শিল্প স্থানান্তরের ক্ষেত্রে সাভারের পূর্ববর্তী তিক্ত অভিজ্ঞতার পুনরাবৃত্তি কোনোভাবেই কাম্য নয়। সবার সহযোগিতায় এবারের স্থানান্তর প্রক্রিয়া হবে নির্বিঘ্ন, ধারাবাহিক ও সফল এবং পুরান ঢাকা থেকে কেমিক্যাল গোডাউনসমূহ স্থানান্তর এ শিল্পের অগ্রযাত্রা নতুন স্থানে আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যাক্ত করেন তিনি।
উল্লেখ্য মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার গোয়ালখালী, চিএকোটা এ কামারকান্দা মৌজায় ইছামতি নদীর তীরে ৩০৮ একর জায়গার ওপর ১,৪৫৪ কোটি ৮০ লাখ ব্যয়ে এই আধুনিক কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তোলা হচ্ছে। এই পার্কে ১৫৩১ টি শিল্প প্লট বরাদ্দ প্রদান করা হবে। ইতিমধ্যে প্রকল্পের ৮৩ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। জুন ২০২৭ এর মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে।
টিআই