ভারতের কাছে হারের পর ঘুরে দাঁড়িয়ে মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। রোববার (৮ নভেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধেই তিন গোল করে জয় তুলে নেয় দলটি।
এর মধ্য দিয়ে ২০১৮ সালের পর আবারও টুর্নামেন্টটির শেষ চারে জায়গা করে নিল পাকিস্তান।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে পাকিস্তান। দ্বিতীয় মিনিটে নিজেদের ডি-বক্সে মিকাইল অরুণ আব্দুল্লাহকে ফাউল করেন মালদ্বীপের ডিফেন্ডার মোহাম্মদ নাঈম। পেনাল্টি থেকে চতুর্থ মিনিটে গোল করে পাকিস্তানকে এগিয়ে দেন আব্দুল্লাহ।
এর পাঁচ মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করে পাকিস্তান। নবম মিনিটে বক্সের কিনারা থেকে জালে বল পাঠান নাজিব উল্লাহ। এরপর ২৪ মিনিটে মালদ্বীপের অভিজ্ঞ ডিফেন্ডার আমদান আলীর ভুলের সুযোগ কাজে লাগিয়ে দূরপাল্লার কোনাকুনি শটে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করেন তিনি।
প্রথমার্ধে পাওয়া তিন গোলের ব্যবধান ধরে রেখেই শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে পাকিস্তান। বিরতির পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে মালদ্বীপ। এ জন্য তিনটি পরিবর্তনও আনেন দলটির কোচ। তারকা ফরোয়ার্ড আলী ফাসির, হুসাইন সিফাউ ও নিশাম রশিদকে মাঠে নামিয়েও গোলের দেখা পায়নি তারা।
৫২ মিনিটে ফেদু ইব্বের শট লক্ষ্যভ্রষ্ট হয়। ৬৬ মিনিটে মোহাম্মদ নাঈমের নিচু শট রুখে দেন পাকিস্তানের গোলরক্ষক ও অধিনায়ক ইউসুফ ইয়াজ বাট। পরের মিনিটে মালদ্বীপ বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। ৭১ মিনিটে পাকিস্তানের বদলি ফরোয়ার্ড শায়ক দোস্তের সামনে ব্যবধান বাড়ানোর সুযোগ এলেও তা কাজে লাগাতে পারেননি তিনি।
ভারতের কাছে প্রথম ম্যাচে ৩-২ গোলে হারের পর এই জয়ে দুই ম্যাচে তিন পয়েন্ট নিয়ে গ্রুপের সেমিফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। গ্রুপের শীর্ষ দুই দল সেমিফাইনালে খেলার সুযোগ পাবে। অন্যদিকে মালদ্বীপের সামনে এখন কঠিন সমীকরণ। আগামী ১১ নভেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হবে দলটি।
এসএস