দেশের ক্রীড়াঙ্গনে দীর্ঘদিনের পৃষ্ঠপোষকতার ধারাবাহিকতায় এবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের স্পনসর হয়েছে দেশের শীর্ষ ইলেকট্রনিকস ও প্রযুক্তিপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন। গত কয়েক বছরের মতো এবারও এই মর্যাদাপূর্ণ আয়োজনে পাশে রয়েছে প্রতিষ্ঠানটি।
আগামীকাল সোমবার (৯ নভেম্বর) থেকে রাজধানীর পল্টন আউটার স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে ‘ল্যাবএইড-ওয়ালটন মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬’।
টুর্নামেন্টটি সফলভাবে আয়োজনের বিষয়ে শনিবার (০৭ নভেম্বর) ডিআরইউ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল ও ক্রীড়া সম্পাদক ওমর ফারুক রুবেল।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের টুর্নামেন্টে দেশের মোট ৪৮টি গণমাধ্যমের দল অংশ নিচ্ছে। এর মধ্যে ২৩টি দৈনিক পত্রিকা, ১৭টি টেলিভিশন এবং ৮টি অনলাইন সংবাদমাধ্যমের দল রয়েছে। অংশগ্রহণকারী দলগুলোর সুবিধার জন্য জার্সি ও পানির ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি প্রতিটি ম্যাচে অংশগ্রহণকারী দলগুলোকে ম্যাচ ফি প্রদান করা হবে।
ক্রীড়াঙ্গনে নিজেদের সম্পৃক্ততা ও ভাবনার কথা জানিয়ে ওয়ালটনের পক্ষ থেকে বলা হয়, দেশের খেলাধুলার বিকাশে ওয়ালটন দীর্ঘদিন ধরে বিভিন্ন পর্যায়ে পৃষ্ঠপোষকতা করে আসছে। আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে শুরু করে ঘরোয়া আয়োজন—খেলোয়াড়দের প্রতিভা বিকাশ ও খেলাধুলার সুযোগ বাড়াতে আমরা সর্বদা পাশে থাকার চেষ্টা করছি। একইভাবে ঢাকা রিপোর্টার্স ইউনিটির বিভিন্ন ক্রীড়া ও অন্যান্য আয়োজনের সঙ্গেও ওয়ালটনের দীর্ঘদিনের সম্পৃক্ততা রয়েছে। সাংবাদিকদের ব্যস্ত পেশাজীবনে এ ধরনের আয়োজন সুস্থ বিনোদনের সুযোগ তৈরি করে এবং পারস্পরিক সৌহার্দ্য বাড়ায়। সেই ভাবনা থেকেই এবারও ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেটের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা আনন্দিত।
ওয়ালটনের অতিরিক্ত নির্বাহী পরিচালক রবিউল মিল্টন বলেন, ওয়াল্টন সবসময়ই ডিআরইউ ও খেলাধূলার সাথে ছিল, আছে, থাকবে। ওয়ালটন সবসময়ই সাংবাদিকদের পাশেও থাকার চেষ্টা করে। প্রতি বছরের মত এ বছরও আমরা স্পন্সর হতে পেরে ডিআরইউ-কে ধন্যবাদ জানাচ্ছি ও আমরা আনন্দিত।
অন্যদিকে, সংগঠনের পাশে নিরলসভাবে থাকার জন্য ওয়ালটনের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ডিআরইউ নেতারা।
উল্লেখ্য, ক্রিকেট ও ফুটবলসহ দেশের বিভিন্ন খেলায় নিয়মিত পৃষ্ঠপোষকতা করে আসছে ওয়ালটন। খেলোয়াড়দের উৎসাহিত করার পাশাপাশি বিভিন্ন পেশাজীবী সংগঠনের ক্রীড়া আয়োজনেও সহযোগিতা করে আসছে প্রতিষ্ঠানটি। ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেটে এবারের পৃষ্ঠপোষকতা সেই ধারাবাহিকতারই একটি অংশ।