ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠনের পর এবার কমিটিতে আরও কয়েকজন নেতাকে যুক্ত করার প্রস্তুতি চলছে। নতুন করে আলোচনার শীর্ষে রয়েছেন যুগ্ম আহ্বায়ক পদে ইশরাক হোসেন, নবীউল্লা নবী, লিটন মাহমুদ ও মোশাররফ হোসেন খোকনের নাম আলোচনায় রয়েছে। এ ছাড়া দপ্তরের দায়িত্বে মাহফুজ কবির মুক্তাকে রাখা হতে পারে।
রোববার (৮ নভেম্বর) বিএনপির পক্ষ থেকে ঢাকা মহানগর দক্ষিণের চার সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। পুনর্গঠিত কমিটিতে আবদুস সালামকে আহ্বায়ক, আবদুল কাদির ভূঁইয়া জুয়েলকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, আ ন ম সাইফুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক এবং তানভীর আহমেদ রবিনকে সদস্যসচিব করা হয়েছে।
বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই চারজনের নাম ঘোষণা করা হয়। তবে কমিটির অন্য পদগুলোতে কারা আসছেন, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছু বলা হয়নি।
কমিটিতে নতুন নাম যুক্ত হওয়ার বিষয়ে মাহফুজ কবির মুক্তা বলেন, ‘ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির কমিটির পুনর্গঠন হয়েছে। স্বাভাবিকভাবে কমিটিতে নতুন আরও কিছু নাম যুক্ত হবে। দলের সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করছি। দল আমাকে যে দায়িত্ব দেয় সেই দায়িত্ব আমানত হিসেবে অক্ষরে অক্ষরে পালন করব।’
দলীয় সূত্রে জানা গেছে, নতুন কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে ইশরাক হোসেন ,নবীউল্লা নবী, লিটন মাহমুদ ও মোশাররফ হোসেন খোকনের নাম বিবেচনায় রয়েছে। অন্যদিকে দপ্তরের দায়িত্বে মাহফুজ কবির মুক্তাকে রাখার বিষয়টিও আলোচনায় রয়েছে। তবে এসব পদে তাদের অন্তর্ভুক্তির বিষয়ে বিএনপির আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি।
মজনু-রবিনের নেতৃত্বে ছিল ৬১ সদস্যের কমিটি
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতৃত্বে এর আগে একাধিকবার পরিবর্তন এসেছে। ২০২৪ সালের ১৩ জুন আবদুস সালামের নেতৃত্বাধীন আগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়। এরপর ৭ জুলাই রফিকুল আলম মজনুকে আহ্বায়ক এবং তানভীর আহমেদ রবিনকে সদস্যসচিব করে দুই সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল।
একই বছরের ৮ ডিসেম্বর এই কমিটি সম্প্রসারণ করে ৬১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন দেয় বিএনপি। এতে ১৩ জন যুগ্ম আহ্বায়ক এবং ৪৬ জন সদস্য ছিলেন। যুগ্ম আহ্বায়কদের মধ্যে ছিলেন হারুনুর রশিদ হারুন, আ ন ম সাইফুল ইসলাম, লিটন মাহমুদ, আব্দুস সাত্তার, এস কে সেকান্দার কাদির, মনির হোসেন চেয়ারম্যান, মীর হোসেন মীরু, সাইদুর রহমান মিন্টু, অ্যাডভোকেট মকবুল হোসেন সরদার, গোলাম হোসেন, ফরহাদ হোসেন, মকবুল হোসেন টিপু ও মজিবুর রহমান মজু।
সদস্যদের মধ্যে ছিলেন ইশরাক হোসেন, ফরিদ উদ্দিন, ফারুকুল ইসলাম, শরীফ হোসেন, মোহাম্মদ আলী চায়না, আরিফুর রহমান নাদিম, লতিফ উল্লাহ জাফরু, আনোয়ার পারভেজ বাদল, কে এম জুবায়ের এজাজ, আকবর হোসেন ভূঁইয়া নান্টুসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
২০২৪ সালের ৮ ডিসেম্বরের কমিটিতে লিটন মাহমুদ যুগ্ম আহ্বায়কের দায়িত্বে ছিলেন। এবারও তার নাম নতুন করে যুগ্ম আহ্বায়ক পদে আলোচনায় রয়েছে।
আবারও নেতৃত্বে আবদুস সালাম
২০২৬ সালের ৮ নভেম্বর কমিটি পুনর্গঠনের মধ্য দিয়ে আবারও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়কের দায়িত্বে ফিরেছেন আবদুস সালাম। এর আগে ২০২১ সালের আগস্টে তার নেতৃত্বে ৪৯ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটির সদস্যসচিব ছিলেন রফিকুল আলম মজনু। পরে ২০২৪ সালের জুনে সেই কমিটি বিলুপ্ত করা হয়।
নতুন কমিটিতে আবদুস সালামের প্রত্যাবর্তনের পাশাপাশি আগের কমিটির সদস্যসচিব তানভীর আহমেদ রবিনকে একই পদে বহাল রাখা হয়েছে। ফলে নেতৃত্বে পরিবর্তনের পাশাপাশি সাংগঠনিক ধারাবাহিকতাও রাখা হয়েছে।
টিআই