ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রফিকুল ইসলাম জামাল বলেছেন, ধর্মীয় চেতনায় উদ্বুদ্ধ হয়ে স্বনির্ভর বাংলাদেশ গড়তে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান অনস্বীকার্য। দেশের উন্নয়ন, জাতীয় ঐক্য ও বহুদলীয় গণতন্ত্রের বিকাশে জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
রোববার (৮ নভেম্বর) আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ‘ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনা: দেশপ্রেম, জাতীয় ঐক্য ও সার্বভৌমত্ব সুরক্ষা’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রফিকুল ইসলাম জামাল বলেন, জাতীয় জীবনে ৭ নভেম্বর একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা। এ দিবসের চেতনা আমাদের দেশপ্রেম, জাতীয় ঐক্য, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অনুপ্রেরণা জোগায়। দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য জাতীয় ঐক্য সুদৃঢ় করা এবং ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের চর্চা বাড়ানো প্রয়োজন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মুহাম্মদ মুহিবুল্লাহিল বাকী নদভী। বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন বোর্ড অব গভর্নরসের গভর্নর মুফতি মোহাম্মদ আজহারুল ইসলাম, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ-ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের প্রকল্প পরিচালক এস এম তরিকুল ইসলাম, সাবেক পরিচালক আবু হুরাইরা, পরিচালক আব্দুল হামিদ খান, দ্বীনি দাওয়াত সংস্কৃতি বিভাগের পরিচালক ড. হারুনূর রশীদ, মসজিদ ও মার্কেট বিভাগের উপপরিচালক আবুল কাশেম, জাতীয় শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি এম এ বারী প্রমুখ।
নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ-ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের উপপ্রকল্প পরিচালক কৃষিবিদ মো. মুর্শিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন বিভাগের পরিচালক, কর্মকর্তা-কর্মচারী, আলেম-ওলামা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম এসব তথ্য জানান।
টিআই