লা লিগায় দারুণ ছন্দে রয়েছে রিয়াল মাদ্রিদ। শনিবার (৭ নভেম্বর) রাতে ভ্যালেন্সিয়ার মাঠে স্বাগতিকদের ৩-০ গোলে হারিয়েছে জাবি আলোনসোর দল। এই জয়ে টানা আট ম্যাচে জয়ের ধারা ধরে রাখার পাশাপাশি পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা বার্সেলোনার সমান পয়েন্ট অর্জন করেছে রিয়াল।
মেস্তায়া স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছে রিয়াল। প্রথমার্ধে দুটি গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় তারা। ৩৫ মিনিটে বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে রিয়ালকে এগিয়ে দেন ফেদেরিকো ভালভার্দে। এর কিছুক্ষণ পর জুড বেলিংহামের ক্রস থেকে পাওয়া বলে ব্যবধান দ্বিগুণ করেন আর্দা গুলের।
দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ানোর একাধিক সুযোগ তৈরি করে রিয়াল। তবে ভ্যালেন্সিয়ার গোলরক্ষক স্তোলে দিমিত্রিয়েভস্কির বাধায় বেশ কয়েকবার গোলবঞ্চিত হন কিলিয়ান এমবাপ্পে ও বেলিংহাম।
শেষ পর্যন্ত ৮২ মিনিটে আর্দা গুলের বাড়ানো বল ধরে দ্রুতগতিতে এগিয়ে গিয়ে নিজের দ্বিতীয় প্রচেষ্টায় দলের তৃতীয় গোলটি করেন এমবাপ্পে। এটি চলতি লা লিগায় তার ১৩তম গোল। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা সাত ম্যাচে গোল করার পাশাপাশি ১৬ ম্যাচে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৭।
ম্যাচের শেষ দিকে এমবাপ্পেকে ফাউল করায় সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ভ্যালেন্সিয়ার হোসে গায়া। ফলে ১০ জনের দলে পরিণত হয় স্বাগতিকরা।
এই জয়ে ১১ ম্যাচ শেষে বার্সেলোনার সমান পয়েন্ট নিয়ে সাময়িকভাবে শীর্ষে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। তবে এক ম্যাচ কম খেলা বার্সেলোনা রোববার অ্যাতলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে।
এফএস