ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযান এখনো শেষ হয়নি বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। একই সঙ্গে ইরানের সঙ্গে নতুন করে সংঘাত শুরু হলে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে যুদ্ধে জড়ানো থেকে বিরত থাকার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
রোববার (৮ নভেম্বর) দেওয়া এক বক্তব্যে কাৎজ দাবি করেন, গত বছর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের দুই দফা বড় ধরনের হামলার পরও ইরান পারমাণবিক অস্ত্র তৈরির প্রচেষ্টা পুনরায় শুরু করেছে। যদিও তেহরান বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে।
কাৎজ বলেন, ‘ইরানে আমাদের অভিযান এখনো শেষ হয়নি। দেশটি পারমাণবিক অস্ত্র অর্জনের প্রচেষ্টা নতুন করে শুরু করার চেষ্টা করছে। পাশাপাশি এমন কিছু গুরুতর কর্মকাণ্ড চালাচ্ছে, যা ইসরায়েলের জন্য প্রকৃত হুমকি।’
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলার হুমকি দিয়ে আসছেন। তবে সম্ভাব্য এই অভিযানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন তিনি পাবেন কি না, তা এখনো স্পষ্ট নয়।
এদিকে ইসরায়েলের চ্যানেল-১২ গত শুক্রবার জানিয়েছে, গত ২৭ অক্টোবরের নির্বাচনের আগে ইরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযান চালানোর উদ্যোগ নিয়েছিলেন নেতানিয়াহু ও ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। তবে পরিকল্পনার বিষয়ে জানতে পেরে যুক্তরাষ্ট্র তা আটকে দেয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে গাজা ও লেবাননসহ একাধিক ফ্রন্টে সামরিক অভিযান চালিয়ে আসছে ইসরায়েল। সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর দেশটির ভূখণ্ডের একাংশও ইসরায়েলের নিয়ন্ত্রণে রয়েছে।
কাৎজ আরও বলেন, গাজা, লেবানন ও সিরিয়ায় প্রতিষ্ঠিত নিরাপত্তা অঞ্চল থেকে ইসরায়েলি সেনাদের প্রত্যাহার করা হবে না। ইরানের সঙ্গে সমন্বয় করে হিজবুল্লাহ ইসরায়েলে হামলা চালালে গোষ্ঠীটিকে ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
উল্লেখ্য, গত ২৭ অক্টোবরের নির্বাচনে নেতানিয়াহুর জোট রাজনৈতিকভাবে ক্ষতির মুখে পড়ে। তাঁর প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকট নতুন সরকার গঠনের দায়িত্ব পেয়েছেন। আইজেনকট সতর্ক করে বলেছেন, নেতানিয়াহুর রাজনৈতিক স্বার্থে ইসরায়েলি সেনাবাহিনীকে নতুন কোনো যুদ্ধে জড়ানো উচিত নয়।
আরএন