ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের বিভিন্ন স্থানে একের পর এক ককটেল বিস্ফোরণের পর এবার রাজধানীর মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (৮ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে এ বিস্ফোরণ ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।
পুলিশ জানায়, সিআইডি কার্যালয়ের সামনে দুর্বৃত্তরা একটি ককটেল বিস্ফোরণ ঘটায়। ঘটনার পর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম আরিফ বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে বলেন, সিআইডি কার্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। এতে কেউ আহত হননি। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।
এর আগে রোববার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। টিএসসি, প্রশাসনিক ভবনসংলগ্ন এলাকা, ভিসি চত্বর, কেন্দ্রীয় ছাত্র সংসদ ও মধুর ক্যানটিনের সামনে, নীলক্ষেতের মুক্তি ও গণতন্ত্র তোরণসহ আশপাশের কয়েকটি স্থানে এসব বিস্ফোরণ ঘটে। এতে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
টিএসসি এলাকায় বিস্ফোরণের পর দুই ব্যক্তিকে আটক করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের কাছে সোপর্দ করেন শিক্ষার্থীরা।
এসএস