ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
জনগণের প্রয়োজনেই বিএনপির জন্ম: প্রতিমন্ত্রী আজাদ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ৮:৩৪ পিএম আপডেট: ০৮.১১.২০২৬ ৮:৩৬ পিএম
X

জনগণের প্রয়োজন এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার তাগিদেই বিএনপির জন্ম হয়েছে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেন, বিএনপির ইতিহাস বেইমানি বা মুনাফেকির ইতিহাস নয়; বরং দলটি কখনো দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থের সঙ্গে আপস করেনি।

রোববার (৮ নভেম্বর) বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পঞ্চগড়ের দেবীগঞ্জ বিজয় চত্বরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনী বসুনিয়া।

বক্তব্যে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর দেশের ইতিহাসে একটি সংকটময় সময় ছিল। সে সময় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। সেনাবাহিনী ও সাধারণ জনগণের ঐক্যবদ্ধ ভূমিকার মাধ্যমে জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করা হয়, যা জাতীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।

তিনি বলেন, স্বাধীনতার সময় অনেক নেতা থাকলেও জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং পরবর্তী সময়ে তাঁর নেতৃত্বেই বিএনপির জন্ম হয়। বিএনপি কোনো ক্যান্টনমেন্টে তৈরি হওয়া রাজনৈতিক দল নয়; জনগণের প্রয়োজন ও দেশের স্বার্থেই দলটির আত্মপ্রকাশ ঘটেছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৭৫ সালের ৭ নভেম্বর এবং ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের প্রতিটি পর্যায়ে জিয়াউর রহমানের পরিবার ও বিএনপির ভূমিকা ইতিহাসের আলোকে মূল্যায়ন করা প্রয়োজন। তাঁর দাবি, বিএনপি সব সময় জনগণের অধিকার রক্ষা এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে ভূমিকা রেখে এসেছে।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন তোবারক হ্যাপি, পৌর বিএনপির সভাপতি সরকার ফরিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আশরাফুল আলম সোহেল।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা. নজরুল ইসলাম ও হারুন অর রশীদ, যুগ্ম সম্পাদক তৌকির আহমেদ তুহিনসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আলোচনা সভা শেষে বিজয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিজয় চত্বরে এসে শেষ হয়। এতে উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

আরএইচ/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝