ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
চট্টগ্রামের পর গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা সাংবাদিকদের
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ৫:৩০ পিএম
X

সাংবাদিকের সঙ্গে অসদাচরণের অভিযোগে ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমনিকে বয়কটের ঘোষণা দিয়েছেন গাইবান্ধার সাংবাদিকরা। 

রোববার (৮ নভেম্বর) দুপুরে শহরের জেলা পুলিশ লাইনস সড়কে আয়োজিত প্রতিবাদ সমাবেশ থেকে এ ঘোষণা দেন তাঁরা। একই সঙ্গে পরীমনির আচরণের প্রতিবাদে বিক্ষোভও করেন সাংবাদিকরা।

সমাবেশে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন। এ সময় বক্তারা অভিযোগ করেন, গত ৫ নভেম্বর ঢাকার আদালত প্রাঙ্গণে পেশাগত দায়িত্ব পালনের সময় দৈনিক সমকালের মাল্টিমিডিয়া প্রতিবেদক রবিউল ইসলাম রাজুর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন পরীমনি। ওই সাংবাদিকের বিরুদ্ধে অশালীন স্পর্শের অভিযোগ তুলে তাঁকে গালিগালাজও করা হয় বলে দাবি করেন তাঁরা। বক্তারা জানান, রবিউল শারীরিক প্রতিবন্ধকতায় ভুগছেন এবং তাঁর একটি হাত অকেজো।

সাংবাদিক নেতারা বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় গণমাধ্যমকর্মীদের অপমান ও হেনস্তা করার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। স্বাধীন সাংবাদিকতার পরিবেশ এবং সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তাঁরা।

সমাবেশ থেকে বক্তারা ঘোষণা দেন, পরীমনি ওই ঘটনার জন্য দুঃখ প্রকাশ না করা পর্যন্ত তাঁর বিষয়ে কোনো সংবাদ প্রকাশ করবেন না তাঁরা। একই সঙ্গে তাঁকে সার্বিকভাবে বয়কটের ঘোষণা দিয়ে প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানান।

এর আগে গাইবান্ধার গণ উন্নয়ন কেন্দ্রের (জিইউকে) গণউন্নয়ন কেন্দ্র রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে অংশ নেন স্থানীয় সাংবাদিকরা। অনুষ্ঠান শেষে কলেজের সামনে প্রায় অর্ধশত সাংবাদিক একত্র হয়ে পরীমনিকে বয়কটের ঘোষণা দেন। এ সময় সাংবাদিক নেতা শেখ হাবিবুর রহমান, সিদ্দিক আলম দয়াল ও ফারুক হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এদিকে চট্টগ্রামে আয়োজিতব্য ‘চট্টগ্রাম ফ্যাশন ভ্যানগার্ড অ্যাওয়ার্ড’-এর অতিথি তালিকা থেকেও পরীমনিকে বাদ দিয়েছেন আয়োজকরা। অনুষ্ঠানের মিডিয়া কো-অর্ডিনেটর ও পার্টনার খালেদ সুমন জানান, সাংবাদিকদের প্রতিবাদ ও অনুরোধের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগামী ২৮ নভেম্বর নগরের খুলশী এলাকার একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানটি হওয়ার কথা রয়েছে। খালেদ সুমন বলেন, সাম্প্রতিক ঘটনার আগেই অনুষ্ঠানে অংশ নেওয়ার বিষয়ে পরীমনির সঙ্গে চুক্তি হয়েছিল। তবে গণমাধ্যমকর্মীদের প্রতিবাদের পরিপ্রেক্ষিতে তাঁকে অতিথির তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এ সিদ্ধান্তের পর নতুন পোস্টারও প্রকাশ করেছেন আয়োজকরা।

এর আগে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যাচেষ্টা ও ভাঙচুর মামলায় গত ৪ নভেম্বর আদালতে হাজির হওয়ার কথা ছিল পরীমনির। তবে অ্যালার্জিজনিত অসুস্থতার কারণ দেখিয়ে তিনি আদালতে উপস্থিত হননি। পরে আদালত তাঁর জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরদিন ৫ নভেম্বর বিপুলসংখ্যক দেহরক্ষী নিয়ে আদালতে আত্মসমর্পণ করেন তিনি।

এ ছাড়া ২০২১ সালে মাদক মামলায় কারামুক্তির সময় প্রিজনভ্যান থেকে বেরিয়ে হাতের তালুতে ‘ডোন্ট লাভ মি বিচ’ লিখে আলোচনায় আসেন পরীমনি। সে সময় ক্যামেরার সামনে তাঁর হাতের একটি আপত্তিকর অঙ্গভঙ্গিও ব্যাপক আলোচনা তৈরি করে। একই বছর রিমান্ড শুনানির সময় আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে চিৎকার এবং পুলিশের প্রতি ক্ষোভ প্রকাশের ঘটনাও সংবাদমাধ্যমে উঠে আসে।

এসএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝