ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ডিসেম্বরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নাশকতার আশঙ্কা, পুলিশের অভিযান
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ৬:১১ পিএম
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি

ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনার মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে নাশকতার আশঙ্কা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মহাসড়কের ১৪টি স্থানকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে। এ ঘটনায় ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতারের কথাও জানিয়েছে পুলিশ।

গোয়েন্দা তথ্য ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কিছু নেতাকর্মী ডিসেম্বরকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পরিকল্পনা করছে। এ জন্য মহাসড়কের কুমিল্লা অংশের কয়েকটি নির্জন স্থানকে সম্ভাব্য লক্ষ্য হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে।

ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত স্থানগুলোর মধ্যে রয়েছে দাউদকান্দি উপজেলার শহীদনগর, ইলিয়টগঞ্জ, পুটিয়া, তীরচর ও গোমতা; চান্দিনা উপজেলার মাধাইয়া ও কাঠেরপুল; বুড়িচং উপজেলার নিমসার ও কাবিলা; আদর্শ সদর উপজেলার সৈয়দপুর, আলেখারচর ও কোটবাড়ী; সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার এবং চৌদ্দগ্রাম উপজেলার আলকরা।

পুলিশের আশঙ্কা, এসব এলাকায় যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটিয়ে মহাসড়কে যান চলাচল ব্যাহত করার চেষ্টা হতে পারে। বিশেষ করে রাতের বেলায় নাশকতার আশঙ্কা বিবেচনায় নিয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা কুমিল্লাজুড়ে অভিযান চালাচ্ছে। প্রযুক্তির ব্যবহার এবং গোপন নজরদারির মাধ্যমে সন্দেহভাজনদের শনাক্তের চেষ্টা চলছে। সম্প্রতি গ্রেফতার হওয়া ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজন নেতাকর্মীকে জিজ্ঞাসাবাদে মহাসড়ক ঘিরে নাশকতার পরিকল্পনার বিষয়ে তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

কুমিল্লা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মোহাম্মদ শামছুল আলম শাহ বলেন, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ডিসেম্বরকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে নাশকতার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য রয়েছে। তথ্যপ্রযুক্তি ও গোপন নজরদারির মাধ্যমে সংশ্লিষ্টদের অবস্থান শনাক্ত করা হচ্ছে। ইতোমধ্যে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। নাশকতার পরিকল্পনা নস্যাৎ না হওয়া পর্যন্ত অভিযান চলবে।

হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মঞ্জুর মোর্শেদ বলেন, মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের পাশাপাশি হাইওয়ে পুলিশও সতর্ক অবস্থানে রয়েছে। চিহ্নিত ১৪টি স্থানসহ মহাসড়কের ১০৩ কিলোমিটার এলাকায় দিন-রাত বিশেষ টহল ও তল্লাশি জোরদার করা হয়েছে। যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো ঘটনা ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে রাজনৈতিক ও কূটনৈতিক মহলে নানা আলোচনা চলছে। ভারতের অবস্থান, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং তাঁর বিরুদ্ধে আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের রায় সব মিলিয়ে দেশে ফেরার পথ সহজ নয় বলে বিশ্লেষণ করা হচ্ছে।

বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে বড় বাধা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকায় দলটি প্রকাশ্যে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে পারছে না। বিচ্ছিন্ন কর্মসূচির মাধ্যমে রাজনৈতিক উপস্থিতি জানান দেওয়ার চেষ্টা করলেও দলটির সাংগঠনিক অবস্থান দুর্বল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনতে ২০১৩ সালের প্রত্যর্পণ চুক্তির আওতায় বাংলাদেশ একাধিকবার আবেদন করেছে। তবে ভারত এখনো এ বিষয়ে সম্মতি দেয়নি। চুক্তিতে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগসহ নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে প্রত্যর্পণের আবেদন প্রত্যাখ্যানের সুযোগ রয়েছে। সাবেক কয়েকজন কূটনীতিকের ধারণা, ভারত শেখ হাসিনাকে ফেরত দিতে আগ্রহী নয়।

প্রত্যর্পণ ছাড়াও বাংলাদেশ সরকারের কাছ থেকে পাসপোর্ট বা ট্রাভেল পাস নেওয়ার বিষয়টি সম্ভাব্য বিকল্প হিসেবে আলোচনায় রয়েছে। তবে এ ধরনের আবেদন করা হলে সরকার তা অনুমোদন করবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। সরকারের নীতিনির্ধারকেরা বিষয়টি আইনগত ও রাজনৈতিক দিক থেকে পর্যালোচনার কথা বলছেন।

অন্যদিকে আওয়ামী লীগ নেতাদের দাবি, দেশে ফেরার সিদ্ধান্ত নেওয়ার আগে শেখ হাসিনা তাঁর পরিবার, ভারতের সংশ্লিষ্ট মহল এবং দলের নেতাদের সঙ্গে আলোচনা করেছেন। তাঁর ঘনিষ্ঠ নেতাদের কেউ কেউ মনে করেন, দেশে ফেরার প্রক্রিয়া ও বিকল্প পরিকল্পনাও তিনি ঠিক করে রেখেছেন।

আওয়ামী লীগের মুখপাত্র মোহাম্মদ আলী আরাফাতও জানিয়েছেন, ঝুঁকি থাকা সত্ত্বেও ডিসেম্বরেই দেশে ফিরবেন শেখ হাসিনা। তবে তাঁর দেশে ফেরার বিষয়ে এখনো সুনির্দিষ্ট প্রক্রিয়া বা সময়সূচি প্রকাশ করা হয়নি।

এসএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝