কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষকদের আর্থিক সক্ষমতা উন্নয়ন এবং খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে নীলফামারীর ১ হাজার ৫০০ প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করেছে এনসিসি ব্যাংক পিএলসি।
বিশেষ সিএসআর কর্মসূচির আওতায় নীলফামারী সদর, ডিমলা ও ডোমার উপজেলায় এসব উপকরণ বিতরণ করা হয়। উপকরণের মধ্যে রয়েছে বিভিন্ন জাতের উচ্চ ফলনশীল ধানের বীজ ও সার।
নীলফামারী সদর, ডিমলা ও ডোমার উপজেলায় আয়োজিত পৃথক তিনটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে উপকরণ তুলে দেন নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিসি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নূরুন নেওয়াজ সেলিম।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নীলফামারী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. মিজানুর রহমান চৌধুরী। এ সময় ব্যাংকের ভাইস চেয়ারম্যান প্রকৌশলী আবদুস সালাম, নির্বাহী কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. জাকির আনামসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন এনসিসি ব্যাংকের এ উদ্যোগকে স্বাগত জানান। তিনি বলেন, এ কর্মসূচির মাধ্যমে নীলফামারীর প্রান্তিক কৃষকরা উপকৃত হবেন। পাশাপাশি এটি এলাকার কৃষকদের অর্থনৈতিক উন্নয়নে সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন। কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদও জানান তিনি।
এনসিসি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নূরুন নেওয়াজ সেলিম বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ব্যাংকটি দেশের মানুষের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রেখে চলেছে। কৃষি বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি উল্লেখ করে তিনি বলেন, কৃষি উৎপাদন বাড়ানোর লক্ষ্যে প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে নীলফামারীর কৃষকদের মধ্যে উচ্চ ফলনশীল ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে।
তিনি আরও জানান, ভবিষ্যতে অন্যান্য জেলার প্রান্তিক কৃষকদের মধ্যেও কৃষি উপকরণ বিতরণ, উৎপাদিত পণ্য সংরক্ষণের সুবিধা বাড়ানো এবং আধুনিক কৃষিপ্রযুক্তির ব্যবহার সম্প্রসারণে সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন বলেন, দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বাড়াতে এনসিসি ব্যাংক বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। এর ধারাবাহিকতায় সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে নীলফামারী অঞ্চলের প্রান্তিক কৃষকদের মধ্যে কৃষি উপকরণ বিতরণ করা হচ্ছে। এ উদ্যোগ কৃষকদের উচ্চ ফলনশীল ধান চাষে উৎসাহিত করার পাশাপাশি উৎপাদন ব্যয় কমাতে এবং সামগ্রিক কৃষি উৎপাদন বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এসএস