দক্ষিণ আফ্রিকা সফরের আগে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং বিশেষজ্ঞ হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার ডেল বেনকেনস্টাইন। আন্তর্জাতিক ক্রিকেট, ইংলিশ কাউন্টি এবং কোচিং—তিন ক্ষেত্রেই দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে ৫২ বছর বয়সী এই ক্রিকেট ব্যক্তিত্বের।
১৯৯৮ সালে বাংলাদেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় বেনকেনস্টাইনের। দক্ষিণ আফ্রিকার হয়ে খেলেছেন ২৩টি ওয়ানডে। ২০০২ সালে বাংলাদেশের বিপক্ষেই আসে তাঁর শেষ আন্তর্জাতিক ম্যাচ।
তবে ঘরোয়া ও প্রথম শ্রেণির ক্রিকেটে ছিল তাঁর বর্ণাঢ্য ক্যারিয়ার। ২৬৪টি প্রথম শ্রেণির ম্যাচে ১৫ হাজার ৯৬২ রান করেছেন তিনি। ব্যাট হাতে ধারাবাহিকতার পাশাপাশি নেতৃত্বেও রেখেছেন সাফল্যের ছাপ।
২০০৫ সালে ইংলিশ কাউন্টি দল ডারহামে যোগ দেন বেনকেনস্টাইন। ২০০৭ সালে তাঁর নেতৃত্বে দলটি জেতে ফ্রেন্ডস প্রভিডেন্ট ট্রফি। পরের দুই বছর ২০০৮ ও ২০০৯ সালে ডারহামকে টানা দুটি কাউন্টি চ্যাম্পিয়নশিপ শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
খেলোয়াড়ি জীবন শেষে কোচিংয়ে যুক্ত হয়ে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিভিন্ন দলে কাজ করেছেন বেনকেনস্টাইন।
২০১৪ সালে হ্যাম্পশায়ারের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেন। তাঁর অধীনে দলটি ২০১৪ সালে কাউন্টি চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় বিভাগে শিরোপা জিতে প্রথম বিভাগে উন্নীত হয়। ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত হ্যাম্পশায়ারের সঙ্গে কাজ করেন তিনি।
এরপর দক্ষিণ আফ্রিকার ডলফিনস দলের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত ছিলেন দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের ব্যাটিং কোচ।
২০২১ সালে ল্যাঙ্কাশায়ারের ব্যাটিং কোচ হিসেবে কাজ করার পর একই বছরের নভেম্বরে গ্লস্টারশায়ারের প্রধান কোচ নিযুক্ত হন। পরবর্তী সময়ে ল্যাঙ্কাশায়ারের প্রধান কোচের দায়িত্বও পালন করেন তিনি। ২০২৫ সালে সেই দায়িত্ব ছাড়েন।
২০২৬ সালে দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি দল প্রিটোরিয়া ক্যাপিটালসের সহকারী কোচ হিসেবে কাজ করেন। এরপর মার্চে নিজের পুরোনো ক্লাব ডারহামে পুরুষ দলের ব্যাটিং পরামর্শক হিসেবে ফিরে যা
এবার বাংলাদেশের ব্যাটিং বিভাগ সামলানোর দায়িত্ব পেয়েছেন এই অভিজ্ঞ কোচ। প্রধান কোচ ফিল সিমন্সের অধীনে দক্ষিণ আফ্রিকা সফরের তিন সংস্করণেই দলের ব্যাটারদের নিয়ে কাজ করবেন তিনি।
বাংলাদেশের বিপক্ষে ২০০২ সালে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলা বেনকেনস্টাইনের ২৪ বছর পর আবারও বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে যুক্ত হওয়াটা তাঁর ক্যারিয়ারে নতুন অধ্যায়। এবার প্রতিপক্ষ নয়, বাংলাদেশের ব্যাটারদের প্রস্তুত করাই হবে তাঁর দায়িত্ব।
বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফরে রয়েছে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি। ১৫ নভেম্বর জোহানেসবার্গে প্রথম টেস্ট দিয়ে শুরু হবে সিরিজ।
এফএস