উয়েফা নারী চ্যাম্পিয়নস লিগে অবশেষে জয়ের দেখা পেল ম্যানচেস্টার সিটি। ইন্টার মিলানকে ৪-১ গোলে হারিয়ে ইউরোপীয় প্রতিযোগিতায় নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে আন্দ্রে ইয়েগল্টজের দল। ম্যাচে জোড়া গোল করে জয়ের নায়ক জাপানি ফরোয়ার্ড আওবা ফুজিনো।
মঙ্গলবার (১০ নভেম্বর) ইতালির মনজায় অনুষ্ঠিত ম্যাচে শুরুতে পিছিয়ে পড়লেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় ম্যানচেস্টার সিটি।
ম্যাচের ২৪ মিনিটে এলিসা বার্তোলির গোলে এগিয়ে যায় ইন্টার। তবে ৩৩ মিনিটে লরা ব্লিন্ডকিল্ড ব্রাউনের পাস থেকে গোল করে সিটিকে সমতায় ফেরান ফুজিনো। বিরতির ঠিক আগে ৪৪ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলকে এগিয়ে দেন এই জাপানি ফরোয়ার্ড।
দ্বিতীয়ার্ধে আরও দুই গোল করে ব্যবধান বাড়ায় সিটি। ৫৬ মিনিটে কার্স্টিন ক্যাসপারিজ তৃতীয় গোলটি করেন। এরপর ৭০ মিনিটে লরেন হেম্পের পাস থেকে গোল করে ৪-১ ব্যবধান নিশ্চিত করেন গ্রেস ক্লিনটন।
এই জয়ে চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বে প্রথম তিন ম্যাচে টানা ড্রয়ের পর প্রথমবার পূর্ণ তিন পয়েন্ট পেল ম্যানচেস্টার সিটি। চার ম্যাচ শেষে সাত পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে উঠে এসেছে দলটি।
উল্লেখযোগ্য বিষয় হলো, আসন্ন চেলসির বিপক্ষে গুরুত্বপূর্ণ লিগ ম্যাচের কথা মাথায় রেখে খদিজা 'বানি' শ ও লরেন হেম্পের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের শুরুতে বিশ্রাম দিয়েছিলেন কোচ ইয়েগল্টজ। তবুও দুর্দান্ত জয় তুলে নিয়ে চেলসির বিপক্ষে লড়াইয়ের আগে নিজেদের শক্তিমত্তার জানান দিল সিটি।
এফএস