টাঙ্গাইলের ধনবাড়ীতে এক বিএনপি নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে ধনবাড়ী পৌরসভার সাবেক কমিশনার ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাছুদ রানার বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মাছুদ রানার অভিযোগ, রাতের আঁধারে একদল সশস্ত্র ব্যক্তি বাড়িতে প্রবেশ করে দরজার তালা ও গ্রিল কেটে ভেতরে ঢোকে। পরে ঘরের আসবাবপত্র ভাঙচুর করে বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।
তাঁর দাবি, হামলাকারীরা বাড়ির বক্স ভেঙে চার ভরি স্বর্ণালংকার, নগদ চার লাখ ৩৬ হাজার টাকা এবং জমির গুরুত্বপূর্ণ দলিলপত্র নিয়ে গেছে। ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। তাঁর আশঙ্কা, বাড়িতে থাকলে হামলাকারীরা তাঁকে হত্যা করতে পারত।
মাছুদ রানা আরও অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে জমি নিয়ে প্রতিপক্ষ আলতাফ হোসেনের সঙ্গে তাঁর বিরোধ চলছে। এ নিয়ে আদালতে মামলাও চলমান। জমিসংক্রান্ত বিরোধের জের ধরেই প্রতিপক্ষের লোকজন এ ঘটনা ঘটিয়েছে বলে তাঁর দাবি। এর চার দিন আগেও খাবারের সঙ্গে বিষাক্ত কিছু মিশিয়ে তাঁর পোষা কুকুরকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
এদিকে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন ব্যক্তিরা।
ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাড়ির দরজার তালা কাটার কাজে ব্যবহৃত সরঞ্জামও উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় মামলা করেছেন। তদন্তের ভিত্তিতে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এইচআর/ এফএস