
সংগৃহীত ছবি
কক্সবাজারের টেকনাফ ও উখিয়া সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তিনটি পৃথক অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের ৯ লাখ ৯৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় দুই মাদক কারবারিকে আটক করেছে বিজিবি।
উদ্ধার করা ইয়াবার মধ্যে এক অভিযানেই জব্দ করা হয়েছে ৮ লাখ ৯০ হাজার পিস।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম।
তিনি জানান, বুধবার (১১ নভেম্বর) রাতে টেকনাফের হ্নীলা ও হোয়াইক্যং এবং উখিয়ার পালংখালী সীমান্ত এলাকায় এসব অভিযান চালায় উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)।
তিনি বলেন, বুধবার রাত সাড়ে ৮টার দিকে হ্নীলার জেলেপাড়া এলাকায় মিয়ানমার থেকে আসা একটি নৌকা দেখে বিজিবি।
এ সময় নৌকা থেকে কয়েকজন মাদক কারবারি ইয়াবাভর্তি বস্তা পানিতে নামিয়ে কেওড়াবনে অবস্থান নেয়। পরে বিজিবির টহল দল স্পিডবোট নিয়ে এগিয়ে গেলে মাদক কারবারিরা গুলি ছোড়ে।
বিজিবিও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে ইয়াবাভর্তি বস্তা পানিতে ফেলে নৌকায় করে মিয়ানমারে পালিয়ে যায় তারা। পরে ঘটনাস্থল থেকে ১০টি বস্তায় ৮ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অন্যদিকে, একই রাতে উখিয়ার পালংখালী বিওপির আওতাধীন আঞ্জুমানপাড়া এলাকায় অভিযান চালিয়ে এক লাখ পিস ইয়াবাসহ মো. রমজান আলী (১৮) নামের এক যুবককে আটক করা হয়।
এ ছাড়া রাত ৯টার দিকে টেকনাফের হোয়াইক্যং চেকপোস্টে তল্লাশি চালিয়ে চার হাজার পিস ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ মো. হোসাইন (২০) নামের আরেক যুবককে আটক করে বিজিবি।
বিজিবি অধিনায়ক বলেন, এসব মাদকের বাজারদর প্রায় ৩০ কোটি টাকা।
মাদকের বিরুদ্ধে বিজিবির অবস্থান জিরো টলারেন্স। সীমান্ত দিয়ে মাদক চোরাচালান বন্ধে পেশাদারিত্ব, দক্ষতা ও প্রযুক্তিগত সক্ষমতা কাজে লাগিয়ে অভিযান অব্যাহত রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
টিআই