রাজশাহীর বাঘায় অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার গড়গড়ি ইউনিয়নের খানপুর সুগার মিলের আখ ক্রয়কেন্দ্রসংলগ্ন পদ্মা নদীতে অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুশরাত জাহান অন্যন্যা।
জানা গেছে, উপজেলার গড়গড়ি ইউনিয়নের সুলতানপুর গ্রামের খলিল উদ্দিনের ছেলে আলম হোসেন খানপুর সুগার মিলের আখ ক্রয়কেন্দ্রসংলগ্ন পদ্মা নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করে আসছিলেন। স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুশরাত জাহান অন্যন্যা বাঘা থানা পুলিশের সহযোগিতায় বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে মাটি উত্তোলনের কাজে ব্যবহৃত একটি মালবাহী গাড়ি জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গাড়ির মালিক আলম হোসেনকে এক লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জব্দ করা গাড়িটি ছেড়ে দেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুশরাত জাহান অন্যন্যা বিষয়টি নিশ্চিত করে বলেন, অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে জরিমানা করা হয়েছে এবং জব্দ করা গাড়িটি ছেড়ে দেওয়া হয়েছে। এ সময় তিনি সবাইকে অবৈধভাবে পুকুর খনন ও মাটি উত্তোলন থেকে বিরত থাকার আহ্বান জানান।
এএইচ/আরএন