খাগড়াছড়ি সদর উপজেলা ভূমি ও সমাজসেবা অফিসে অগ্নিকাণ্ডের ঘটনায় গুরুত্বপূর্ণ নথিপত্র, কম্পিউটার যন্ত্রাংশ ও আসবাবপত্র পুড়ে গেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, অফিসে আগুন দেখতে পেয়ে নৈশপ্রহরীরা ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ভূমি ও সমাজসেবা অফিসের বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র, কম্পিউটার যন্ত্রাংশ এবং আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উপজেলা অফিসের মাঠের দিক থেকে দুর্বৃত্তরা অফিসে আগুন দিয়েছে।
খাগড়াছড়ি সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা চম্পক কান্তি চাকমা জানান, ইউএনওর কাছ থেকে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীদের আগুন নেভাতে দেখেন। পরে অফিসে গিয়ে অনেক নথিপত্র ও কম্পিউটার যন্ত্রাংশ আগুন ও পানিতে ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখতে পান। অফিসের পেছনে গিয়ে একটি কেরোসিনের খালি বোতলও পাওয়া যায়। তাঁর ধারণা, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে আগুন দিয়েছে।
এদিকে, ঘটনার বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কায় কিসলু।
এনএম/আরএন