ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মাহরাম ছাড়া নারী রোগীদের চিকিৎসা নয়, তালেবানের নতুন বিধিনিষেধ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১১:২৫ পিএম
X

আফগানিস্তানে মাহরাম (নিকটাত্মীয় পুরুষ অভিভাবক) অথবা নারী নার্স উপস্থিত না থাকলে নারী রোগীদের চিকিৎসা না দিতে পুরুষ চিকিৎসকদের অঘোষিত নির্দেশনা দিয়েছে তালেবান সরকার। এ নির্দেশনা মানতে চিকিৎসকদের বাধ্য করছেন তালেবান যোদ্ধারা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

প্রতিবেদনে গত জুলাইয়ের একটি ঘটনার উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, ফরিদা (ছদ্মনাম) নামে এক নারী দাঁতে তীব্র ব্যথা নিয়ে একটি ক্লিনিকে যান। সেখানে দন্তচিকিৎসক পরীক্ষা করে জানান, তাঁর একাধিক দাঁত তুলে নতুন দাঁত লাগাতে হবে। এ জন্য তাঁকে কয়েকবার ক্লিনিকে যেতে হবে। সে অনুযায়ী তিনি তিনবার ক্লিনিকে যান।

তবে এরপর ক্লিনিক থেকে তাঁকে ফোন করে জানানো হয়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত যেন তিনি আর সেখানে না যান। পরে ক্লিনিক থেকে ফোন না আসায় তিনি নিজেই যোগাযোগ করেন। তখন তাঁকে জানানো হয়, বিশেষ পরিস্থিতির কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতির পরিবর্তন হলে তাঁকে জানানো হবে। তবে এরপর আর তাঁকে ফোন করা হয়নি।

উত্তর আফগানিস্তানের একটি সরকারি হাসপাতালের চিকিৎসক শামীম (ছদ্মনাম) নারী রোগীদের পুরুষ চিকিৎসকদের চিকিৎসা না দেওয়ার অঘোষিত নির্দেশনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “আমাদের সরাসরি নারী রোগীদের পরীক্ষা করার সুযোগ নেই, কারণ আমরা তাদের মাহরাম নই। রোগীর অবস্থা যাই হোক, গুরুতর বা কম গুরুতর—এ ক্ষেত্রে কোনো পার্থক্য নেই।”

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, তালেবান সরকার পুরুষ চিকিৎসকদের মাধ্যমে নারীদের চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করলেও ২০২৪ সাল থেকে নারীদের চিকিৎসাবিদ্যা পড়ার সুযোগ বন্ধ রেখেছে। পাশাপাশি হাসপাতালগুলোতে নারী চিকিৎসক নিয়োগের বিষয়টিও বন্ধ করে রেখেছে।

এ ছাড়া যেসব নারী চিকিৎসক এখনো চিকিৎসাসেবা দিচ্ছেন, তাঁদের ক্ষেত্রেও মাহরাম সঙ্গে রাখার বাধ্যবাধকতা রয়েছে।

গার্ডিয়ানকে এক নারী রোগী জানান, তিনি তাঁর বাবার সঙ্গে একজন পুরুষ চিকিৎসকের কাছে চিকিৎসা নিতে গিয়েছিলেন। কিন্তু বাবা সঙ্গে থাকা সত্ত্বেও ওই চিকিৎসক তাঁকে পরীক্ষা করতে রাজি হননি। এর পরিবর্তে তাঁকে বলা হয়, অন্য কোনো নারী মাহরামসহ এলে তাঁকে পরীক্ষা করা হবে। কারণ, শারীরিক পরীক্ষার সময় রোগীর শরীরে স্পর্শ করার প্রয়োজন হলে ওই নারী সহায়তা করতে পারবেন।

ওই চিকিৎসকের চেম্বারে কোনো নারী কর্মী না থাকায় অন্য কোনো নারী আসা পর্যন্ত তাঁকে অপেক্ষা করতে বলা হয়।

সূত্র: দ্য গার্ডিয়ান

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝