ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ইমরান খানের দুই বোন কারাগার থেকে মুক্ত
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৬:১২ পিএম
X

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দুই বোন নুরিন খান ও উজমা খান মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার দিকে লাহোরের কোট লাখপাত কারাগার থেকে তাদের মুক্তি দেওয়া হয়।

তাদের আইনজীবী রানা মুদাসসার এবং ইমরানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) বিষয়টি নিশ্চিত করেছে।

আইনজীবী জানান, সরকার দুই বোনের বিরুদ্ধে জারি করা যৌথ আটকাদেশ প্রত্যাহার করায় তারা মুক্তি পেয়েছেন। তবে ইমরানের আরেক বোন আলিমা খান এখনো কারাগারে রয়েছেন।

এক বিবৃতিতে পিটিআই বলেছে, দুই বোনের মুক্তি ইমরান খানের পরিবারের ওপর চলমান দুর্ভোগের অবসান নয়। একই সঙ্গে পরিবারের সদস্যদের আর হয়রানি না করার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে দলটি।

গত সেপ্টেম্বরে ইমরানের দল বিক্ষোভের ডাক দেওয়ার পর আলিমা, উজমা ও নুরিন খানকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের ৩০ দিনের আটকাদেশ দেওয়া হয়েছিল। আইনজীবী রানা মুদাসসার জানান, নুরিন ও উজমার আটকাদেশের বিরুদ্ধে আদালতে আবেদন করা হয়েছিল। শুনানির তারিখ নির্ধারণের আগেই কর্তৃপক্ষ আটকাদেশ প্রত্যাহার করে নেয়। আলিমা খানের মুক্তির জন্যও আইনি প্রচেষ্টা চলছে।

২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন সাবেক ক্রিকেট তারকা ইমরান খান। ২০২৩ সালের আগস্ট থেকে তিনি কারাগারে রয়েছেন। সরকারবিরোধী দাঙ্গার পর তার বিরুদ্ধে দুর্নীতি থেকে রাষ্ট্রদ্রোহ পর্যন্ত বিভিন্ন অভিযোগে একাধিক মামলা করা হয়েছে। তবে ইমরান ও তার আইনজীবীরা এসব অভিযোগ প্রত্যাখ্যান করে আসছেন। তাদের দাবি, রাজনৈতিক প্রতিহিংসার কারণে এসব মামলা করা হয়েছে।

সম্প্রতি ইমরানের চিকিৎসা এবং চিকিৎসক ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের সুযোগ নিয়ে পাকিস্তানে উদ্বেগ ও অসন্তোষ বাড়ে। গত অক্টোবরে খাইবার পাখতুনখাওয়া প্রদেশে তার সমর্থনে হাজারো মানুষ বিক্ষোভ করেন।

বুধবার রাত থেকে বৃহস্পতিবারের মধ্যে চোখের পরীক্ষা ও চিকিৎসার জন্য ইমরান খানকে সাময়িকভাবে কারাগারের বাইরে নেওয়া হয়। চিকিৎসা শেষে তাকে আবার রাওয়ালপিন্ডির কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ২০২২ সালে পার্লামেন্টে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। তার অভিযোগ, সামরিক নেতৃত্বের পরিকল্পনায় তাকে ক্ষমতা থেকে সরানো হয়েছিল। তবে দেশটির সামরিক বাহিনী রাজনীতিতে হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করে আসছে।

সূত্র: এএফপি

আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝