ভরা আমন মৌসুমে হঠাৎ শিলাবৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছেন ঠাকুরগাঁওয়ের কৃষকরা। মাঠে থাকা পাকা ধান নুয়ে পড়েছে মাটিতে। ক্ষতিগ্রস্ত হয়েছে আগাম আলুসহ বিভিন্ন শাকসবজি। একই সঙ্গে শিলাবৃষ্টিতে জেলার প্রায় অর্ধশত ইটভাটার কাঁচা ইট নষ্ট হয়েছে। এতে কৃষক ও ইটভাটা মালিকদের ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যার পর সদর, রাণীশংকৈল, বালিয়াডাঙ্গী ও হরিপুর উপজেলার বিভিন্ন এলাকায় বৃষ্টির সঙ্গে শিলাপাত হয়। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতির খবর পাওয়া গেছে রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নের ফুটানি টাউন এলাকায়।
স্থানীয়রা জানায়, সন্ধ্যা ছয়টার পর হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। কিছুক্ষণ পর বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টি হয়। এতে মাঠে থাকা পাকা আমন ধান ঝরে পড়ে। পাশাপাশি আলুর গাছ মাটিতে নুয়ে পড়ে এবং বিভিন্ন সবজির ক্ষতি হয়। শিলাবৃষ্টিতে ইটভাটায় তৈরি করে রাখা কাঁচা ইটও নষ্ট হয়ে যায়।
রাণীশংকৈল উপজেলার ফুটানি টাউন এলাকার কৃষক রতন রায় বলেন, প্রায় ২০ মিনিট ধরে শিলাবৃষ্টি হয়েছে। এতে গাছের অর্ধেক পাতা ঝরে গেছে। পাকা ধানের প্রায় এক-পঞ্চমাংশ মাটিতে পড়ে গেছে। জমিতে ধানের বিছানা পড়ে যাওয়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন তারা।
একই উপজেলার ভরনিয়া এলাকার কৃষক জাহাঙ্গীর আলম ফুটানি টাউন এলাকায় ১২ বিঘা জমিতে আগাম আলুর চাষ করেছেন। শিলাবৃষ্টিতে তার জমির অধিকাংশ আলুগাছ মাটিতে নুয়ে পড়েছে। ভেঙে গেছে অনেক গাছের কচি ডালপালা। ৪৮ দিন বয়সের এসব আলু আর ১৫ থেকে ২০ দিনের মধ্যে বাজারজাত করার কথা ছিল। কিন্তু শিলাবৃষ্টির পর ফলন নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন তিনি।
কৃষক জাহাঙ্গীর আলম বলেন, অনেক স্বপ্ন নিয়ে আগাম আলুর চাষ করেছিলেন। শিলাবৃষ্টিতে সেই স্বপ্ন অনেকটাই ভেঙে গেছে। এখন গাছ বাঁচাতে ও পচন ঠেকাতে ছত্রাকনাশক স্প্রে করা হচ্ছে। তবে শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত ফলন পাবেন কিনা, তা নিয়ে দুশ্চিন্তায় আছি।
অন্যদিকে, শিলাবৃষ্টিতে জেলার প্রায় অর্ধশত ইটভাটায় তৈরি করে রাখা কাঁচা ইট নষ্ট হয়েছে। আকস্মিক এ ক্ষতিতে বড় ধরনের আর্থিক সংকটে পড়ার আশঙ্কা করছেন ইটভাটার মালিকরা।
ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. মাজেদুল ইসলাম বলেন, জেলার কিছু এলাকায় শিলাবৃষ্টি হয়েছে। এতে ধানসহ বিভিন্ন শাকসবজির ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতি নিরূপণে মাঠপর্যায়ে পরিদর্শন করা হচ্ছে। পাশাপাশি ক্ষতি কাটিয়ে উঠতে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে।
টিআই