পটুয়াখালীর বাউফলে মানুষের খণ্ডিত হাত ও পা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কালিশুরী ইউনিয়নের পোনাহুড়া গ্রামের সন্যামত বাড়ির পূর্ব পাশে একটি বিল থেকে এসব খণ্ডিত অঙ্গ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে স্থানীয় লোকজন মাঠে কাজ করার সময় মানুষের একটি খণ্ডিত হাত দেখতে পান। পরে তাঁরা বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রথমে একটি হাত উদ্ধার করে। এরপর আশপাশে তল্লাশি চালিয়ে একটি বস্তাভর্তি দুটি পা উদ্ধার করা হয়।
ধারণা করা হচ্ছে, পাঁচ থেকে ছয় দিন আগে মানুষের ওই হাত-পা বিচ্ছিন্ন করা হয়েছে। নির্জন ওই বিলে মানুষের খণ্ডিত হাত-পা কোথা থেকে এল, তা তদন্ত করছে পুলিশ। একই সঙ্গে শরীরের বাকি অঙ্গপ্রত্যঙ্গের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে।
এদিকে, বিল থেকে খণ্ডিত হাত-পা উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ঘটনার রহস্য উদ্ঘাটনে ইতিমধ্যে পুলিশের একাধিক দল মাঠে কাজ শুরু করেছে।
এএস/আরএন