আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার আলোচনার মধ্যেই সরকারি চাকরি থেকে স্বেচ্ছায় অবসরের আবেদন করেছেন ভোলার চরফ্যাশন উপজেলার এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তাঁর এমন সিদ্ধান্তে স্থানীয় এলাকায় আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।
আবেদনকারী শিক্ষকের নাম মো. সিরাজ উদ্দিন মাসুম। তিনি উপজেলার এওয়াজপুর ইউনিয়নের ১৫৯ নম্বর দক্ষিণ মাদ্রাজ নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়সংলগ্ন রোকেয়া বেগম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।
গত ১০ নভেম্বর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর পাঠানো এক লিখিত আবেদনে তিনি স্বেচ্ছায় অবসরের ইচ্ছা প্রকাশ করেন। আবেদনে অবসরের কারণ হিসেবে পারিবারিক ও ব্যক্তিগত বিষয় উল্লেখ করেছেন তিনি। তবে স্থানীয় ও দলীয় সূত্রের দাবি, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যেই তাঁর এ সিদ্ধান্ত।
স্থানীয় সূত্রে জানা গেছে, মো. সিরাজ উদ্দিন মাসুমের বাড়ি চরফ্যাশন উপজেলার এওয়াজপুর ইউনিয়নে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি ওই ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। উল্লেখ্য, এর আগেও তিনি এ ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সরকারি চাকরির বিধিবিধান অনুযায়ী, চাকরিতে বহাল থাকা অবস্থায় কোনো সরকারি কর্মচারীর নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে। এ কারণে নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি হিসেবে তিনি চাকরি থেকে অবসরের আবেদন করেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
আবেদনে উল্লেখ করা তথ্য অনুযায়ী, মো. সিরাজ উদ্দিন মাসুম ১৯৯১ সালের ২০ জুন শিক্ষকতা পেশায় যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনের পর তিনি স্বেচ্ছায় অবসরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে অবসর-উত্তর ছুটি (পিআরএল) ভোগ না করে সরকারি বিধি অনুযায়ী প্রাপ্য সুযোগ-সুবিধাসহ সরাসরি অবসর গ্রহণের অনুমতি চেয়েছেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক মো. সিরাজ উদ্দিন মাসুম বলেন, ‘পারিবারিক ও ব্যক্তিগত কারণে অবসরের আবেদন করেছি।’ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হবেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি সরাসরি কিছু না বলে বলেন, ‘সময় হলে দেখা যাবে।’
বর্তমানে তাঁর অবসরের আবেদনটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে উপজেলা শিক্ষা অফিসে জমা হয়েছে। পরবর্তী অনুমোদনের জন্য আবেদনটি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।
এসএফ/আরএন