দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে আগামী শুক্রবার (১৩ নভেম্বর) পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালি। একই সঙ্গে পর্যটকদের জন্য রিসোর্ট ও জিপগাড়ির আগাম বুকিং কার্যক্রম চালুর ঘোষণা দিয়েছে সাজেক রিসোর্ট মালিক সমিতি এবং জীপ-পিকআপ মালিক সমিতি।
বুধবার (১১ নভেম্বর) সংগঠন দুটি এক যৌথ বিজ্ঞপ্তিতে জানায়, শীতকালীন পর্যটন মৌসুমকে সামনে রেখে এবং রাঙামাটি জেলা প্রশাসনের অনুমতি সাপেক্ষে শুক্রবার থেকে সাজেক পর্যটনকেন্দ্র সবার জন্য উন্মুক্ত করা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সাজেক পর্যটন সড়কে সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে যে অচলাবস্থার সৃষ্টি হয়েছিল, তার অবসান হয়েছে। গত মঙ্গলবার (১০ নভেম্বর) সংগঠনটির সভাপতি নতুন জয় চাকমা কার্বারী ভিডিও বার্তা ও লিখিত বিবৃতির মাধ্যমে অবরোধ প্রত্যাহারের সিদ্ধান্ত জানান। একই সঙ্গে তিনি সংগঠনটির কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।
সাময়িক অসুবিধার জন্য পর্যটকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠনগুলো। তারা জানিয়েছে, পর্যটকদের পুনরায় স্বাগত জানাতে সাজেকের রিসোর্টসহ পর্যটনসংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠানগুলো প্রস্তুত রয়েছে।
এদিকে দেশি-বিদেশি পর্যটকদের ভ্রমণ পরিকল্পনা নির্বিঘ্ন করতে রিসোর্ট ও জিপগাড়ির আগাম বুকিংয়ের জন্য সংশ্লিষ্ট সংগঠন দুটির সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
দীর্ঘদিন বন্ধ থাকার পর সাজেক পর্যটনকেন্দ্র পুনরায় চালুর ঘোষণায় স্থানীয় বাসিন্দা ও পর্যটননির্ভর ব্যবসায়ীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে।
এসএস