ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
দুধের কৌটায় মিলল পাঁচ আইইডি বোমা, নিষ্ক্রিয় করল ডিএমপি
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৪:৫৮ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

লক্ষ্মীপুরের রায়পুরে বাড়ির উঠানের গর্ত থেকে উদ্ধার হওয়া পাঁচটি শক্তিশালী ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বোমা নিষ্ক্রিয় করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ দল। 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নে মেঘনা নদীর পাড়ে বোমাগুলো নিষ্ক্রিয় করা হয়। দুটি দুধের কৌটায় রাখা ছিল বোমাগুলো।

পুলিশ জানায়, গত মঙ্গলবার বিকেলে উত্তর চরবংশী ইউনিয়নের চরবংশী গ্রামের মৃত আবু তাহের সিকদারের বাড়ির উঠানের একটি গর্ত থেকে দুধের কৌটা দুটি উদ্ধার করা হয়। কৌটার ভেতরে বিস্ফোরক থাকার আশঙ্কায় দুর্ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়। পরে বুধবার আদালতের নির্দেশনা অনুযায়ী ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ দলকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে বুধবার রাতে ডিএমপির চার সদস্যের একটি দল ঘটনাস্থলে পৌঁছে কৌটা দুটি পরীক্ষা করে। এ সময় সেগুলো আইইডি বোমা বলে নিশ্চিত হন দলের সদস্যরা। বিস্ফোরণের ঝুঁকি থাকায় নিষ্ক্রিয় করার আগপর্যন্ত ঘটনাস্থলে পুলিশি পাহারা জোরদার রাখা হয়।

পুলিশ আরও জানায়, গত ৩ নভেম্বর উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাট বাজারে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় তিনজনকে ছুরিকাঘাত করা হয়। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাইফুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি ওই এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন। গত সোমবার তাঁর ভাড়া বাসায় অভিযান চালিয়ে বোমা তৈরির বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়। এর পরদিন ওই বাড়ির উঠানে দুধের কৌটা দুটি পাওয়া যায়।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁঞা বলেন, দুধের কৌটা দুটিতে একাধিক শক্তিশালী আইইডি বোমা রয়েছে বলে বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা নিশ্চিত হন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে দলটি নিরাপদে বোমাগুলো নিষ্ক্রিয় করে। প্রতিটি কৌটার ওজন প্রায় তিন থেকে চার কেজি। ভেতরে স্কচটেপে মোড়ানো বোমাসদৃশ বস্তু দেখে পুলিশের সন্দেহ হয়েছিল।

এসএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝