ময়মনসিংহের গফরগাঁওয়ে সুমাইয়া আক্তার (২৪) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১১ নভেম্বর) রাতে পৌরসভার রাঘাইচটি এলাকায় একটি ভাড়া বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সুমাইয়া আক্তার ওই এলাকার মো. জাকারিয়ার স্ত্রী। প্রায় চার বছর আগে তাঁদের বিয়ে হলেও এই দম্পতির কোনো সন্তান ছিল না। তাঁরা ভাড়া বাসায় বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন রাত ৮টার দিকে স্বামী জাকারিয়ার সঙ্গে মুঠোফোনে কথা বলার পর সুমাইয়া হঠাৎ পাশের একটি কক্ষে গিয়ে দরজা বন্ধ করে দেন। এ সময় বাসায় থাকা তাঁর তিন বোন বিষয়টি নিয়ে আতঙ্কিত হয়ে পড়েন। অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে তাঁরা প্রতিবেশীদের সহযোগিতায় পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন।
খবর পেয়ে প্রায় এক ঘণ্টার মধ্যে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন। এ সময় সিলিং ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় সুমাইয়াকে ঝুলতে দেখা যায়। পরে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
গফরগাঁও থানার ওসি (তদন্ত) মো. মশিউর রহমান জানান, গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে বাসায় থাকা নিহতের তিন বোনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
তবে কী কারণে ওই গৃহবধূর মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
এমএইচ/ এফএস