নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত টিকার মজুত রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। প্রয়োজনে আরও টিকা আমদানির সক্ষমতাও সরকারের রয়েছে বলে জানান তিনি।
একই সঙ্গে শিশুদের নিউমোনিয়া থেকে সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপগুলো সুনির্দিষ্টভাবে তুলে ধরতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন মন্ত্রী।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঢাকায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) বাংলাদেশ পেডিয়াট্রিক সোসাইটি আয়োজিত বিশ্ব নিউমোনিয়া দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, শিশুদের নিউমোনিয়া প্রতিরোধে প্রয়োজনীয় সরঞ্জামসহ সব ধরনের সহযোগিতা দিতে সরকার প্রস্তুত রয়েছে। প্রয়োজনে এ বিষয়ে প্রধানমন্ত্রীর সহযোগিতাও নেওয়া হবে।
শিশুদের বিভিন্ন রোগের অন্যতম কারণ হিসেবে পারিবারিক অসচেতনতা ও অস্বাস্থ্যকর পরিবেশের কথা উল্লেখ করেন তিনি। মন্ত্রী বলেন, হাসপাতাল পরিদর্শনে দেখা যায়, অনেক ক্ষেত্রে একই বিছানায় একাধিক শিশুকে রাখা হচ্ছে। এমনকি এক শিশুর বুকের দুধ অন্য শিশুকে খাওয়ানোর ঘটনাও ঘটছে। এ ধরনের চর্চা শিশুদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। পারিবারিক নানা জটিলতা ও অসচেতনতার কারণে অনেক শিশু প্রয়োজনীয় যত্ন থেকেও বঞ্চিত হচ্ছে।
গ্রামপর্যায়ে মায়েদের স্তন্যপান, শিশুর পুষ্টি ও স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করতে প্রায় ২৫ হাজার ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটরকে মাঠপর্যায়ে সম্পৃক্ত করার পরিকল্পনার কথাও জানান মন্ত্রী। এ কাজে তাঁদের স্তন পরীক্ষার জন্য ছোট আকারের বহনযোগ্য স্ক্রিনিং যন্ত্র দেওয়া হবে বলে জানান তিনি।
এ ছাড়া স্তন ও জরায়ুমুখ ক্যানসার প্রাথমিক পর্যায়ে শনাক্তে উন্নত স্ক্রিনিং ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, শ্রীলঙ্কা ও জার্মানির অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশেও এ ধরনের ব্যবস্থা গড়ে তোলা হবে। এতে আক্রান্ত নারীদের দ্রুত চিকিৎসার আওতায় আনা এবং সুস্থ হওয়ার সম্ভাবনা বাড়ানো সম্ভব হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব পেডিয়াট্রিকসের ডিন অধ্যাপক ডা. মো. আতিয়ার রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন।
এসএস