আজ ১২ নভেম্বর বিশ্ব নিউমোনিয়া দিবস। নিউমোনিয়া সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, রোগ প্রতিরোধ এবং আক্রান্ত ব্যক্তিদের সময়মতো চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে প্রতিবছর বিশ্বজুড়ে দিবসটি পালন করা হয়।
এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘নিউমোনিয়া নিয়ন্ত্রণে নতুন যুগ’। টিকা, আধুনিক রোগ নির্ণয় পদ্ধতি ও উন্নত চিকিৎসাব্যবস্থার অগ্রগতিকে সামনে রেখে এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে।
নিউমোনিয়া ফুসফুসের একটি সংক্রামক রোগ। ভাইরাস, ব্যাকটেরিয়া ও অন্যান্য জীবাণুর সংক্রমণে এ রোগ হতে পারে। এতে ফুসফুসের বায়ুথলিতে প্রদাহ সৃষ্টি হয় এবং কখনো তরল জমে শ্বাস নিতে সমস্যা হয়। শিশু, বয়স্ক ব্যক্তি এবং রোগ প্রতিরোধক্ষমতা কম এমন মানুষ এ রোগে বেশি ঝুঁকিতে থাকেন।
বাংলাদেশে নিউমোনিয়ার প্রভাব উদ্বেগজনক। গবেষণার তথ্য অনুযায়ী, দেশে প্রতিবছর প্রায় ৪০ লাখ শিশু নিউমোনিয়ায় আক্রান্ত হয়। তাদের মধ্যে প্রায় ৬ লাখ ৭৭ হাজার শিশুকে হাসপাতালে ভর্তি করতে হয় এবং আনুমানিক ২৪ হাজার শিশুর মৃত্যু হয়।
বিশ্বজুড়েও নিউমোনিয়ার পরিস্থিতি উদ্বেগজনক। ২০২৩ সালে এ রোগে বিশ্বে প্রায় ২৫ লাখ মানুষের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ছয় লাখ ১০ হাজারের বেশি ছিল পাঁচ বছরের কম বয়সী শিশু।
বিশেষজ্ঞদের মতে, সময়মতো টিকাদান, শিশুর পুষ্টি নিশ্চিত করা, বায়ুদূষণ ও ধোঁয়া থেকে দূরে থাকা এবং দ্রুত চিকিৎসা নেওয়ার মাধ্যমে নিউমোনিয়ার ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। বিশেষ করে শিশুদের জ্বর, কাশি ও দ্রুত শ্বাস নেওয়ার মতো লক্ষণ দেখা দিলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
বিশ্ব নিউমোনিয়া দিবসের মূল লক্ষ্য শুধু রোগ সম্পর্কে সচেতনতা তৈরি নয়, বরং প্রতিরোধ, আধুনিক চিকিৎসা এবং স্বাস্থ্যসেবার সুযোগ সবার কাছে পৌঁছে দেওয়া। সম্মিলিত উদ্যোগ ও সচেতনতাই পারে নিউমোনিয়াজনিত মৃত্যু কমিয়ে সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করতে।
এফএস