তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের আয়োজনে বিশ্বনেতাদের সম্মানে দেওয়া বিশেষ নৈশভোজে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। নৈশভোজে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাঁদের সহধর্মিণীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী ও তাঁর স্ত্রী।
বুধবার (১১ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন (কপ-৩১)-এর গ্রিন জোনে এ নৈশভোজের আয়োজন করা হয়।
কপ-৩১ সম্মেলনে অংশ নিতে তুরস্কে আসা বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মানে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ফার্স্ট লেডি এমিনে এরদোয়ান এ বিশেষ নৈশভোজের আয়োজন করেন।
নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও বিশ্বনেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন।
এর আগে বুধবার সকালে কপ-৩১ সম্মেলনের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রমে অংশ নেওয়ার পাশাপাশি তিনি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন (কপ-৩১)-এ যোগ দিতে মঙ্গলবার তিন দিনের সরকারি সফরে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরে তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।