
সংগৃহীত ছবি
সৌদি আরবের হাইলে মাদক চোরাচালানের দায়ে পাঁচ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মেথামফেটামিন মাদকসহ গ্রেপ্তার করে দেশটির মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মহাপরিদপ্তর। যা স্থানীয়ভাবে সাবু নামে পরিচিত।
বুধবার (১১ নভেম্বর) এক্সে এক পোস্টে এ নিয়ে দেশটির মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মহাপরিদপ্তর বলেছে, অভিযুক্তদের গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ শুরু হয়েছে এবং তাদের বিচারের মুখোমুখি করার জন্য সোপর্দ করা হয়েছে। তবে তাদের নাম পরিচয় প্রকাশ করা হয়নি।
একই পোস্টে কাউকে মাদক চোরাচালান করতে দেখলে আইনশৃ্ঙ্খলাবাহিনী ও তাদের অবহিত করার জন্যও সব বাসিন্দাকে আহ্বান জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মহাপরিদপ্তর। আর যারা তথ্য দেবেন তাদের পরিচয় সম্পর্ণ গোপন রাখা হবে বলেও এক্সের এ পোস্টে জানিয়েছে সংস্থাটি।
মেথামফেটামিন অত্যন্ত শক্তিশালী একটি মাদক। যা মানুষের মস্তিষ্কে প্রভাব ফেলে এবং এ মাদক মাত্র কয়েকদিন ব্যবহার করে এর ওপর আসক্ত হয়ে পড়েন ব্যবহারকারী। যা বিশ্বব্যাপী আইস নামেও পরিচিত।
সৌদি আরব মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করে। ফলে কেউ মাদক চোরাচালানে ধরা পড়লে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হতে পারে। এছাড়া অপরাধ ভেদে বিভিন্ন মেয়াদে দীর্ঘ কারাদণ্ডও দেওয়া হয়।
টিআই