একযোগে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার সাত কর্মকর্তাকে দেশের বিভিন্ন ইউনিটে বদলি ও পদায়ন করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশ হেডকোয়ার্টার্সের সহকারী পুলিশ সুপার মো. ইকরামুল আহাদকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে। যশোরের মণিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার ইমদাদুল হককে ঢাকা পুলিশ স্টাফ কলেজে এবং পুলিশ হেডকোয়ার্টার্সের সহকারী পুলিশ সুপার রাজু আহমেদকে ঢাকা স্পেশাল ব্রাঞ্চে (এসবি) পদায়ন করা হয়েছে।
এ ছাড়া এসআরবির সহকারী পুলিশ সুপার মো. আলী আর্শাদকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
অন্যদিকে, হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেনকে টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসি), একই ইউনিটের সহকারী পুলিশ সুপার মো. বদিউল আমীন চৌধুরীকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) এবং রাজশাহীর চারঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. খালেদ হোসেনকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সহকারী পুলিশ কমিশনার হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।
আইজিপি আলী হোসেন ফকির স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব কর্মকর্তাকে উল্লেখিত পদ ও কর্মস্থলে দায়িত্ব পালন করতে হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, বদলিকৃত কর্মকর্তাদের আগামী ২১ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করতে হবে। অন্যথায় ২২ নভেম্বর থেকে তাদের তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য করা হবে।
আরএন