কোনো দেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে গোপনে বৈঠক করার ইতিহাস বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেই বলে দাবি করেছেন দলটির আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জামায়াত একটি রাজনৈতিক দল। রাজনৈতিক প্রতিপক্ষ কিংবা বন্ধুদের সঙ্গে আলোচনা হতে পারে, তবে কোনো গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠকের প্রশ্নই আসে না।
বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের কার্যক্রমে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যের জবাবে এসব কথা বলেন তিনি।
শফিকুর রহমান বলেন, জামায়াতের বিরুদ্ধে বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠকের অভিযোগ যারা তুলছেন, তারাই দেশে-বিদেশে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠক করেছেন। এমনকি সংশ্লিষ্ট সংস্থার দেশে গিয়ে দেখা করে দুঃখ প্রকাশ করেছেন এবং নিজেদের দলের অতীত নীতিকে ভুল বলে স্বীকার করেছেন।
এর আগে সংসদে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ দেশে সাম্প্রতিক অস্থিরতার পেছনে সীমান্তের ওপার থেকে উসকানি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন। এ বিষয়ে জামায়াত আমিরের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করলেও তিনি ঢাকায় একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে বিদেশি বিভিন্ন গোয়েন্দা সংস্থার গোপন বৈঠকের প্রসঙ্গ তোলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এসব বৈঠকের সঙ্গে চলমান অস্থিরতার কোনো সম্পর্ক রয়েছে কি না, তা জনগণ জানতে চায়।
জবাবে জামায়াত আমির বলেন, সীমান্তের ওপার থেকে উসকানির বিষয়ে তিনি একমত। তবে বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে একটি দলের বোঝাপড়া রয়েছে বলে যে ইঙ্গিত দেওয়া হয়েছে, তা স্পষ্ট করা প্রয়োজন।
তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী যদি সরকারের নিয়োজিত জামায়াতবিষয়ক ২৪ ঘণ্টার সচিব মর্যাদার একজন ব্যক্তিকে ইঙ্গিত করে থাকেন, তাহলে বিষয়টি জামায়াত আগেও চ্যালেঞ্জ করেছে। সে সময় অভিযোগের পক্ষে প্রমাণ উপস্থাপনের আহ্বান জানানো হয়েছিল।
অভিযোগের জবাবে ‘ঠাকুরঘরে কে রে, আমি কলা খাই না’ প্রবাদটি উল্লেখ করে শফিকুর রহমান বলেন, যারা এসব অভিযোগ করছেন, তারাই আত্মগোপনে রয়েছেন। বিষয়টি গোপন নয়, বরং প্রকাশ্য।
বর্তমান রাষ্ট্রপতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, রাষ্ট্রপতিও অতীতে প্রকাশ্যে এ ধরনের বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, সব দরজা খুলে দেওয়া হবে এবং সব মামলা তুলে নেওয়া হবে। তবে জামায়াত কখনো এ ধরনের কথা বলেনি বলে দাবি করেন তিনি।
গত ১২ আগস্টের একটি সংবাদ সম্মেলনের বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলেও অভিযোগ করেন জামায়াত আমির। তিনি বলেন, ওই সংবাদ সম্মেলনের বক্তব্যকে আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার বক্তব্য হিসেবে প্রচার করা হয়েছে। অথচ তাঁর ২২ মিনিটের বক্তব্যে একবারও আওয়ামী লীগের নাম উচ্চারণ করা হয়নি। এ বিষয়ে বক্তব্যের ভিডিও এখনো রয়েছে এবং যে কেউ তা যাচাই করতে পারবেন।
এ সময় জামায়াতের বিরুদ্ধে বিভিন্ন বক্তব্য দেওয়া এক ব্যক্তির সমালোচনা করে শফিকুর রহমান বলেন, ওই ব্যক্তি ২৪ ঘণ্টা তাঁদের পেছনে লেগে থাকেন। সন্ধ্যা, রাত, পরদিন সকাল ও দুপুরে ভিন্ন ভিন্ন বক্তব্য দেন। তাঁকে কোনো বেতন বা মজুরি দিতে না পারায় দুঃখ প্রকাশ করেন তিনি।
তিনি আরও বলেন, এ ধরনের ব্যক্তির বক্তব্যের ভিত্তিতে জামায়াতকে বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠকের অভিযোগে জড়ানো হলে তা গ্রহণযোগ্য নয়। জামায়াত কোনো গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠক করেনি। বরং আজ সংসদের ৩০০ সদস্যের সঙ্গে বসবে।
বক্তব্যের শেষ পর্যায়ে অন্যদের দিকে অভিযোগের আঙুল তোলার আগে নিজেদের অবস্থান পর্যালোচনার আহ্বান জানান জামায়াত আমির। তিনি বলেন, ‘মেহেরবানি করে আয়নায় নিজেদের চেহারা দেখাই উত্তম হবে।’