ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মোবাইলের পর্দা ছেড়ে বইয়ের পাতায় তিন শতাধিক শিক্ষার্থী
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৬:২২ পিএম
X

একসময় অবসর পেলেই বই পড়ত শিশুরা। গল্প, উপন্যাস, ছড়া কিংবা জ্ঞান-বিজ্ঞানের বই ছিল তাদের আনন্দের সঙ্গী। সময়ের পরিবর্তনে সেই জায়গা দখল করেছে স্মার্টফোন, সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল বিনোদন। নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার আগ্রহ কমে যাওয়ার এমন বাস্তবতায় শিক্ষার্থীদের আবার বইয়ের কাছে ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিনব্যাপী কালীগঞ্জ রাজা রাজেন্দ্র নারায়ণ পাইলট সরকারি উচ্চবিদ্যালয় ও কেন্দ্রীয় পাঠাগার চত্বরে অনুষ্ঠিত হয় ‘বই পড়া প্রতিযোগিতা ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি’। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

সকাল থেকেই শিক্ষার্থীদের পদচারণে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। নির্ধারিত বই পড়ে নির্দিষ্ট বিষয়ের ওপর পরীক্ষায় অংশ নেয় তারা। প্রতিযোগিতাকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। সন্তানদের অংশগ্রহণ ও ভালো ফলের প্রত্যাশায় বিদ্যালয় মাঠে অপেক্ষা করেন অভিভাবকেরা।

বোয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রওশনারা বেগম বলেন, কালীগঞ্জের এ আয়োজন কেবল একটি বই পড়ার প্রতিযোগিতায় সীমাবদ্ধ নয়; বরং নতুন প্রজন্মকে বই, জ্ঞানচর্চা ও প্রযুক্তির ইতিবাচক ব্যবহারে আগ্রহী করে তোলার একটি প্রয়াস।

বালীগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. রমজান আলী বলেন, এ প্রতিযোগিতার মাধ্যমে সেরা শিক্ষার্থী নির্বাচনের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে দীর্ঘমেয়াদি পাঠাভ্যাস গড়ে উঠবে বলে তিনি আশা করেন।

কালীগঞ্জ কেন্দ্রীয় পাঠাগারের সদস্যসচিব ও কালীগঞ্জ আরআরএন পাইলট সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক কে এম নুরুল ইসলাম আল মোশাররাফ ইবনে কাদির বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের বাইরেও বিভিন্ন ধরনের বই পড়তে আগ্রহী করে তুলবে। একই সঙ্গে মুঠোফোনের প্রতি অতিরিক্ত আসক্তি কমিয়ে সৃজনশীল কাজে সময় দিতে উৎসাহিত করবে।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট লেখক ও ওপেন সোর্স নেটওয়ার্কের সভাপতি মুনির হাসান। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম কামরুল ইসলাম।

তিনি বলেন, শিক্ষার্থীদের কয়েকটি দলে ভাগ করে সেরা শিক্ষার্থী নির্বাচনের লক্ষ্যে পরীক্ষা নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং তাদের বইমুখী করাই এ আয়োজনের মূল লক্ষ্য।

সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রত্যাশা, এক দিনের প্রতিযোগিতা শেষ হলেও শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার যে আগ্রহ তৈরি হয়েছে, তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরএস/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝