ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
আমতলীতে ফোন করে পুলিশকে হুমকি ছাত্রলীগ নেতার
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৪:৪৯ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

আমতলী থানার দায়িত্বে থাকা এক সহকারী উপপরিদর্শককে (এএসআই) ফোন করে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইশফাক আহমেদ তোহার বিরুদ্ধে।

বুধবার (১১ নভেম্বর) দুপুর ১টা ৭ মিনিটের দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। এরই মধ্যে ওই ফোনালাপের রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে উপজেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভাইরাল হওয়া ফোনালাপে শোনা যায়, ফোনের অপর প্রান্তে থাকা এএসআই আসাদুল হককে ইশফাক আহমেদ তোহা নিজের পরিচয় উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দেন।

তিনি বলেন, তাঁর বন্ধুকে ওসি গ্রেপ্তার করেছেন, সেটি ভালো কথা। কিন্তু তাঁর ছোট ভাই রবিউল ওই বন্ধুকে দেখতে থানায় গিয়েছিলেন। অনুমতি না নেওয়ায় তাঁকে থানায় ডেকে বসিয়ে রাখা হয়েছে কেন, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তোহা।

এ সময় তিনি এএসআইকে উদ্দেশ করে বলেন, "এই দিন দিন নয়", "আপনি বরিশালের বাইরের লোক হয়ে কেন এমন করছেন", "এর মাসুল দিতে হবে" এবং "আমতলী শহর জ্বালিয়ে দিলে আপনি কী করতে পারেন?"। এ ছাড়া তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ ও দেখে নেওয়ার হুমকি দিতেও শোনা যায়।

জবাবে এএসআই আসাদকে বলতে শোনা যায়, রবিউলের নামে দুটি ওয়ারেন্ট রয়েছে।

ফোনালাপের রেকর্ডের বিষয়ে এএসআই আসাদুল হক বলেন, তিনি তখন ডিউটি অফিসারের দায়িত্ব পালন করছিলেন। রবিউলকে অন্য একজন কর্মকর্তা আটক করেছেন। তোহা তাঁকে কেন হুমকি দিয়েছেন, তা তিনি বুঝতে পারছেন না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ইশফাক আহমেদ তোহার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কার্যক্রম পরিচালনাসহ একাধিক মামলা আমতলী থানায় রয়েছে।

এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, "ঘটনাটি জেনেছি। আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে।"

এদিকে হুমকির অভিযোগে অভিযুক্ত তোহার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তাঁকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

এসএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝