আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দিতে বিএনপির দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত দফায় দফায় চলা এ সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে মোল্লাকান্দি ইউনিয়নের নোয়াদ্দা গ্রামে ইউনিয়ন বিএনপির সহসভাপতি আওলাদ মোল্লা এবং ফ্রান্সপ্রবাসী বিএনপি কর্মী রহিম মোল্লার সমর্থকদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়।
রাতের ঘটনার জের ধরে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ইউনিয়নের রাজারচর, কংসপুরা ও নতুন আমঘাটা গ্রামে দুই পক্ষের মধ্যে দফায় দফায় হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে। এ সময় মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সংঘর্ষে গুলিবিদ্ধ পাঁচজন হলেন দিদার ঢালী, বোরহান সিকদার, দিদার সরদার, রাকিব সরদার ও ইমরান হোসেন। তাঁদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আহত অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
গুলিবিদ্ধ দিদার ঢালী জানান, বুধবার রাতে নোয়াদ্দা এলাকায় একটি ড্রেজারের পাশে কয়েকজন দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় আওলাদ মোল্লার সমর্থকেরা অতর্কিত হামলা চালিয়ে গুলি ছোড়েন। এতে পাঁচজন গুলিবিদ্ধ হন। এ ঘটনার জের ধরে পরদিন সকাল পর্যন্ত আশপাশের গ্রামগুলোতে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
তবে এ বিষয়ে বক্তব্য জানতে ইউনিয়ন বিএনপির সহসভাপতি আওলাদ মোল্লাকে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি। অন্যদিকে, ফ্রান্সপ্রবাসী রহিম মোল্লার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগের চেষ্টা করেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তছলিম উদ্দিন জানান, আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে আগে থেকেই আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এর জেরেই সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।
এমএইচ/আরএন