কারাগারে মানসিক কষ্ট ভুলতে পরিচ্ছন্নতাকর্মীর দায়িত্ব নিয়েছিলেন হাসমত আলী (৪৪)। তবে পরিচ্ছন্নতার কাজ করতে গিয়ে ময়লা-আবর্জনা থেকে বিভিন্ন বস্তু সংগ্রহ করে খাওয়ার অভ্যাস গড়ে ওঠে তাঁর। একপর্যায়ে পেটে জমা হয় অর্ধশতাধিক গ্যাস লাইটার, নেইল কাটার, স্ক্রু ও ইটের টুকরা। পরে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে অস্ত্রোপচার করে তাঁর পেট থেকে এসব বস্তু বের করা হয়।
হাসমত আলী টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার রামদেবপুর গ্রামের মৃত ছমেদ আলী ওরফে ছমের ছেলে। একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে তিনি গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন।
কারাগার সূত্রে জানা গেছে, গত ৩১ অক্টোবর রাত ৭টা ২০ মিনিটে উন্নত চিকিৎসার জন্য তাঁকে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা করে তাঁর পেটে বিপুল পরিমাণ অস্বাভাবিক বস্তু থাকার বিষয়টি শনাক্ত করেন। পরে গত ৪ নভেম্বর অস্ত্রোপচার করে পেট থেকে অর্ধশতাধিক গ্যাস লাইটার, নেইল কাটার, স্ক্রু ও ইটের টুকরা বের করা হয়। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, তিনি ‘অ্যাকিউট অ্যাবডোমিনাল উইথ এপিগ্যাস্ট্রিক মাস’ নামের জটিল শারীরিক সমস্যায় আক্রান্ত হয়েছিলেন।
কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আবদুল্লাহ-আল-মামুন বলেন, হাসমত আলী দীর্ঘদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত। তাঁর বাবা হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। কারাগারে মানসিক কষ্ট ভুলে থাকতে বিভিন্ন কাজে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করলে তাঁকে পরিচ্ছন্নতাকর্মীর দায়িত্ব দেওয়া হয়।
জেল সুপার আরও জানান, পরিচ্ছন্নতার কাজ করার সময় বিভিন্ন ময়লা-আবর্জনা থেকে গ্যাস লাইটার সংগ্রহ করতেন হাসমত। পরে সেগুলো খেয়ে ফেলতেন। এভাবে একপর্যায়ে তাঁর শারীরিক জটিলতা দেখা দেয়। হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর অস্ত্রোপচারের মাধ্যমে পেট থেকে এসব বস্তু বের করা হয়।
বর্তমানে হাসমত আলী সুস্থ রয়েছেন বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।
এফএস