বিশ্ববাজারে ডলারের দাম বেড়ে ১৯ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার আরও বাড়ানোর সম্ভাবনা তৈরি হওয়ায় মুদ্রাটির এমন দাম বেড়েছে।
মূলত অক্টোবর মাসে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি প্রত্যাশার চেয়ে বেশি হওয়ায় ফেডের সুদের হার বাড়ানোর সম্ভাবনা জোরালো হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের কয়েকটি বক্তব্যেও সুদের হার বাড়ানোর ইঙ্গিত পাওয়া গেছে। তারা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে না আসা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এমনকি সুদের হার ৫০ বেসিস পয়েন্ট বাড়ানোর সম্ভাবনাও উড়িয়ে দেননি তারা।
গোল্ডম্যান স্যাকসসহ কয়েকটি আর্থিক প্রতিষ্ঠান এখন আগামী বছরের শুরুর দিকে আরও এক দফা সুদের হার বাড়ানোর পূর্বাভাস দিচ্ছে। তাদের ধারণা, ডিসেম্বরেও সুদের হার বাড়াতে পারে ফেড।
বিশ্বের ছয়টি প্রধান মুদ্রার বিপরীতে ডলারের অবস্থান পরিমাপকারী ডলার সূচক বৃহস্পতিবার ০ দশমিক ১১ শতাংশ বেড়ে ১০২ দশমিক ৯৮ পয়েন্টে দাঁড়ায়। ২০২৫ সালের এপ্রিলের পর এটি সর্বোচ্চ। ডলারের বিপরীতে ইউরোর দাম ০ দশমিক ০৮ শতাংশ কমে ১ দশমিক ১০৮ ডলারে নেমেছে। গত বছরের মে মাসের পর এটি ইউরোর সর্বনিম্ন অবস্থান। একই সময়ে ব্রিটিশ পাউন্ডের দাম কমেছে ০ দশমিক ১৬ শতাংশ, দাঁড়িয়েছে ১ দশমিক ৩২৫৯ ডলারে।
বৃহস্পতিবার নিউইয়র্ক ফেডের প্রেসিডেন্ট জন উইলিয়ামস একটি আলোচনায় অংশ নেওয়ার কথা রয়েছে। সুদের হার নিয়ে তার বক্তব্যের দিকে নজর রাখছেন বাজার বিশ্লেষকেরা।
ন্যাশনাল অস্ট্রেলিয়া ব্যাংকের জ্যেষ্ঠ বাজার কৌশলবিদ গ্যাভিন ফ্রেন্ড বলেন, অক্টোবরের মূল্যস্ফীতির তথ্য প্রকাশের আগে সুদের হার নিয়ে ফেডের অবস্থান এক রকম ছিল। কিন্তু প্রত্যাশার চেয়ে বেশি মূল্যস্ফীতির তথ্য আসার পর কর্মকর্তারা সুদের হার বাড়ানোর পক্ষে কথা বলছেন। এ অবস্থায় উইলিয়ামসের বক্তব্য বাজারে বিশেষ গুরুত্ব পাবে।
এদিকে, জাপানি ইয়েনের বিপরীতে ডলারের দাম বৃহস্পতিবার কিছুটা কমে ১৫৯ দশমিক ৭৪ ইয়েনে দাঁড়ায়। তবে দিনভর ডলারের দামে ওঠানামা হয়েছে। এর আগে ডলারের বিপরীতে ইয়েনের দাম দুই মাসের বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল। ফেডের সুদের হার আরও বাড়তে পারে—এমন প্রত্যাশায় যুক্তরাষ্ট্র ও জাপানের সুদের হারের ব্যবধান নিয়েও বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে।
তবে জাপানের কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক অব জাপানের নীতিনির্ধারণী পর্ষদের সদস্য তোইচিরো আসাদা শিগগিরই সুদের হার বাড়ানোর বিরোধিতা করেছেন। জুন ও সেপ্টেম্বরে সুদের হার বাড়ানোর সিদ্ধান্তের বিরোধিতা করা দুই নীতিনির্ধারকের একজন তিনি।
এক বক্তব্যে আসাদা বলেন, সময়ের আগে সুদের হার বাড়ালে জাপানের অর্থনৈতিক প্রবৃদ্ধি ক্ষতিগ্রস্ত হতে পারে এবং মূল্যস্ফীতির মৌলিক প্রবণতা কমে যেতে পারে।
অন্যদিকে, জাপানের মুদ্রা বিষয়ক শীর্ষ কর্মকর্তার অস্থিরতা নিয়ে সতর্কবার্তার পর ইয়েনের দামের ওঠানামা আরও নজরে এসেছে।
সূত্র: রয়টার্স