প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি প্রকাশ্যে সৌদি আরবকে সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দেওয়ার অনেক আগেই দেশটিতে সৈন্য, যুদ্ধবিমান এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে মিশর। দেশটির সামরিক সূত্রের বরাত দিয়ে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম ‘মিডল ইস্ট আই’ (এমইই) এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে।
নাম প্রকাশ না করার শর্তে মিশরের একটি সামরিক সূত্র জানিয়েছে, সৌদি আরবে মোতায়েন করা এই সামরিক বহরে এক স্কোয়াড্রন রাফাল যুদ্ধবিমান, আটটি হেলিকপ্টার ও চারটি বৃহৎ পরিবহন বিমান অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি লোহিত সাগর ও এডেন উপসাগরের সংযোগস্থল কৌশলগত বাব আল-মানদেব প্রণালির কাছে দক্ষিণ লোহিত সাগরে মিশরীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজও পাঠানো হয়েছে।
ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলা ও লোহিত সাগরের নৌপথের নিরাপত্তা নিয়ে কায়রোর ক্রমবর্ধমান উদ্বেগের প্রেক্ষাপটেই এই পদক্ষেপ নেওয়া হয়। এর আগে চলতি বছরের আগস্টেও বাব আল-মান্দেব প্রণালির কাছে আধুনিক ফ্রিগেট ও করভেট যুদ্ধজাহাজ পাঠিয়ে নৌ-উপস্থিতি বাড়িয়েছিল মিশর।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা অ্যারাবিকের এক অনুসন্ধানে দেখা গেছে, গত মাসে মিশরীয় সামরিক বাহিনীর দুটি সি-১৩০ হারকিউলিস পরিবহন বিমান সৌদি আকাশসীমায় উড্ডয়ন করে ও লোহিত সাগর উপকূলীয় আল ওয়াজ শহরের কাছে গিয়ে রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। মিশরের অভ্যন্তরেও পূর্ব ও দক্ষিণাঞ্চলের কৌশলগত স্থানে ‘স্কাইগার্ড-আমুনের’ মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুনর্বিন্যাস করা হয়েছে।
এদিকে, এমইই-র পক্ষ থেকে মন্তব্য চাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই গত সোমবার ফ্রান্স ২৪-কে দেওয়া এক সাক্ষাৎকারে মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ইরানের সঙ্গে উত্তেজনার জেরে সৌদি আরবে হামলার পর কয়েক মাস আগেই মিশরীয় বাহিনী সেখানে অবস্থান নেয় ও বর্তমানে তা আরও জোরদার করা হচ্ছে।
উল্লেখ্য, মিশরের সংবিধানের ১৫২ অনুচ্ছেদ অনুযায়ী বিদেশের মাটিতে যুদ্ধাভিযানে সেনা পাঠাতে হলে প্রেসিডেন্টকে জাতীয় প্রতিরক্ষা পরিষদের সঙ্গে পরামর্শ ও পার্লামেন্টের দুই-তৃতীয়াংশ সদস্যের অনুমোদন নিতে হয়। সিসি গত ১৭ অক্টোবর পার্লামেন্টের অনুমোদন চান ও ২৬ অক্টোবর গোপন অধিবেশন শেষে পার্লামেন্ট এই অনুমোদন দেয়। তবে এর বহু আগেই মিশরীয় বাহিনী সৌদিতে পৌঁছে গিয়েছিল।
সৌদি আরবে সাম্প্রতিক সময়ে হুতিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা তীব্রতর হয়েছে। রোববার (৮ নভেম্বর) রিয়াদে সৌদি রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকো-সংশ্লিষ্ট একটি ভবনে প্রতিহত করা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে সামান্য ক্ষতি হয়। এর জবাবে সৌদি বাহিনীও ইয়েমেনের রাজধানী সানাসহ হুতি নিয়ন্ত্রিত এলাকায় হামলা জোরদার করেছে, যাতে বহু হতাহতের ঘটনা ঘটেছে।
অন্যদিকে, ইয়েমেনের উত্তরাঞ্চলে হুতিদের বিরুদ্ধে স্থল অভিযানে মিশরীয় সৈন্য পাঠানো হবে কি না, তা নিয়ে দেশটির সামরিক নেতৃত্বে তীব্র মতবিরোধ দেখা দিয়েছে। দ্বিতীয় একটি জ্যেষ্ঠ সামরিক সূত্র জানিয়েছে, সিসি সৌদি অভিযানে যুক্ত হওয়ার পক্ষে জোর দিলেও সামরিক কমান্ডাররা স্থলযুদ্ধে জড়াতে নারাজ।
সুয়েজ খাল ও লোহিত সাগরের নিরাপত্তা রক্ষার পাশাপাশি সৌদি আরবের অর্থনৈতিক সহায়তাও কায়রোর এই সিদ্ধান্তের পেছনে বড় ভূমিকা রাখছে। গত ৩০ অক্টোবর মিশরের কেন্দ্রীয় ব্যাংকে থাকা সৌদি আরবের ৫৩০ কোটি ডলারের আমানতের মেয়াদ আরও এক বছর বাড়ানোর ঘোষণা আসে, যা সিসির সামরিক সহায়তার ঘোষণার দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে ঘটে।
বিশ্লেষকরা মনে করছেন, ১৯৬২ সালে তৎকালীন প্রেসিডেন্ট জামাল আবদেল নাসেরের আমলে ইয়েমেনের গৃহযুদ্ধে জড়িয়ে হাজার হাজার মিশরীয় সৈন্য হারানোর তিক্ত অভিজ্ঞতা থেকেই কায়রো এখন সরাসরি স্থল অভিযানের বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে। বর্তমান পরিকল্পনা অনুযায়ী, বিমান ও নৌ-অভিযানের মাধ্যমে হুতিদের সামরিক সক্ষমতা দুর্বল করার ওপরই জোর দেওয়া হচ্ছে, যাতে বিদেশি স্থলসেনা ছাড়াই ইয়েমেনের সরকারি বাহিনী স্থল অভিযান পরিচালনা করতে পারে।
সূত্র: মিডল ইস্ট আই