দেশে দারিদ্র্যের হার কমলেও দরিদ্র মানুষের সংখ্যা কমছে না বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ও নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
তিনি বলেছেন, বর্তমানে দেশে প্রায় সাড়ে তিন কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে রয়েছেন। এর মধ্যে এক কোটি মানুষ চরম দারিদ্র্যের মধ্যে বাস করছেন। এ ছাড়া প্রায় দুই কোটি মানুষ এমন অবস্থায় রয়েছেন, যারা দুই দিন কাজ না করলেই আবার দারিদ্র্যসীমার নিচে নেমে যাবেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে সর্বদলীয় সংসদীয় ককাসের জনপ্রকাশ অনুষ্ঠানে সূচনা আলোচনায় তিনি এসব কথা বলেন। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম এ অনুষ্ঠানের আয়োজন করে।
ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বাংলাদেশের উন্নতি হয়েছে, যেভাবেই হোক হয়েছে। কিন্তু অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে একই ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে না। অর্থনৈতিক ক্ষেত্রে ব্যাপক বৈষম্য রয়েছে। এসব বৈষম্য দূর করতে হবে।
তিনি বলেন, দেশে প্রতি চারজন যুবকের একজন বেকার। শিক্ষিত যুবকদের ক্ষেত্রে প্রতি তিনজনের একজন বেকার।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন। এতে সভাপতিত্ব করেন ককাসের সভাপতি ও সংসদ সদস্য এ এম মাহবুব উদ্দীন খোকন।
অনুষ্ঠানে ককাস গঠনের লক্ষ্য তুলে ধরে জানানো হয়, সুবিধাবঞ্চিত মানুষের অভিজ্ঞতা, বহুমাত্রিক চাহিদা ও অধিকারভিত্তিক দাবিগুলো সংসদীয় আলোচনা, আইন প্রণয়ন, নীতি ও বাজেট প্রক্রিয়ায় কার্যকরভাবে তুলে ধরা হবে। পাশাপাশি গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়নে জবাবদিহি নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।
সামাজিক, জাতিগত ও ধর্মীয় পরিচয়, জেন্ডার, বয়স, ভৌগোলিক অবস্থান, প্রতিবন্ধিতা, শিক্ষা ও দক্ষতা, স্বাস্থ্য, পেশা এবং বিভিন্ন অভিঘাতে বিপন্ন জনগোষ্ঠীর দাবিকে অগ্রাধিকার দেবে এই ককাস। এ সময় ককাসের সদস্য সংসদ সদস্যরা অভিপ্রায়পত্রে সই করেন।
আলোচনায় সংসদ সদস্য সাবিকুন্নাহার বলেন, দেশে উন্নয়ন হয়েছে, কিন্তু সুবিধাবঞ্চিত মানুষ পিছিয়ে রয়েছেন। এমন একটি স্লোগান সামনে আনা উচিত, যাতে আর একজন মানুষও পিছিয়ে না থাকেন।
সংসদ সদস্য মাধবী মার্মা বলেন, পাহাড়ের প্রতিটি মানুষকে সংগ্রাম করে বেঁচে থাকতে হচ্ছে। তারা নাগরিক সেবা থেকেও বঞ্চিত। এ প্রসঙ্গে ড. দেবপ্রিয় বলেন, পাহাড়ের সমস্যা এখন আর আঞ্চলিক সমস্যা নয়, এটি জাতীয় সমস্যা। জাতীয়ভাবেই এর সমাধান করতে হবে।
সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, সরকার আন্তরিক না হলে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়ন সম্ভব নয়।
বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন বলেন, সুবিধাবঞ্চিত কারা, তা এলাকাভিত্তিক তালিকা না করে একটি অভিন্ন মানদণ্ড বা বেঞ্চমার্ক নির্ধারণ করা উচিত। সেখানে স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য ও বাসস্থানের মতো মৌলিক বিষয়গুলো বিবেচনায় রাখতে হবে। দুর্নীতির কারণে মানুষ বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। দুর্নীতি কমানো গেলে সুবিধাবঞ্চিত মানুষরা আরও উপকৃত হবেন।
মুক্ত আলোচনায় ইয়ুথ ফর চেঞ্জের জাহিদ কবির বলেন, পিছিয়ে পড়া মানুষ সরকারি সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জেলা প্রশাসকদের (ডিসি) কাছেও সহজে পৌঁছাতে পারেন না।
অন্য এক আলোচক বলেন, কর্মসংস্থান নিশ্চিত না হলে খাদ্য ও বাসস্থানের মতো সুযোগ-সুবিধা দিয়েও পিছিয়ে পড়া মানুষের জীবনমানের টেকসই উন্নয়ন সম্ভব হবে না।
অধিকারকর্মী নুসরাত গৃহকর্মীদের জন্য ডে-কেয়ার সুবিধা নিশ্চিত করা এবং পরিচয়হীন শিশুদের জন্মনিবন্ধনের আওতায় আনার প্রস্তাব দেন।
হিজড়া জনগোষ্ঠীর প্রতিনিধি রামিসা বলেন, নাগরিক হিসেবে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। কর্মসংস্থান ও স্বাস্থ্যসেবায়ও পিছিয়ে রয়েছেন। আরেক অধিকারকর্মী পাহাড়ি জনগোষ্ঠীর ভূমি নিয়ে মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ তুলে এ বিষয়ে সরকারের পদক্ষেপ দাবি করেন।
ককাসের সভাপতি ও নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কাজ করা রাষ্ট্রের দায়িত্ব। সংবিধান অনুযায়ী এ দায়িত্ব পালন করতে হবে।
তিনি বলেন, ‘সবচেয়ে বড় সমস্যা হলো, সারা জাতিই আন্ডারপ্রিভিলেজড। সরকারি কর্মচারীদের ঘুষ ও দুর্নীতির কারণে মানুষ বঞ্চিত হচ্ছে। রাষ্ট্র গরিব, কিন্তু রাষ্ট্রের কিছু লোক লুটপাট করে ধনী হয়ে যাচ্ছে। তারা কর ফাঁকি দিচ্ছে, সরকারি জমি আত্মসাৎ করছে। দুর্নীতি দমন করতে না পারলে পিছিয়ে পড়া মানুষের কোনো উপকার হবে না।’
বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, বিশাল জনগোষ্ঠীকে সামনে এগিয়ে নিতে সবার প্রচেষ্টা রয়েছে। সরকার কৃষক কার্ড, হেলথ কার্ড ও ফ্যামিলি কার্ডের মতো বিভিন্ন উদ্যোগ নিয়েছে, যাতে পিছিয়ে পড়া মানুষকে উন্নয়নের মূলধারায় আনা যায়। সরকারের সদিচ্ছার কোনো অভাব নেই।
জ্বালানি তেলের সংকট প্রসঙ্গে তিনি বলেন, কিছুদিন আগেও একটি পেট্রোল পাম্পের সামনে তিন-চার কিলোমিটার পর্যন্ত গাড়ির লাইন ছিল। তেলের দাম ১০ টাকা সমন্বয়ের পর দুই দিনের মধ্যে সেই লাইন শেষ হয়ে যায়। এতে বোঝা যায়, কিছু মানুষ কৃত্রিম সংকট তৈরি করে ১৮ কোটি মানুষকে জিম্মি করার চেষ্টা করে।
বিদ্যুৎ পরিস্থিতি প্রসঙ্গে চিফ হুইপ বলেন, পাঁচ মাসের মধ্যে কেউ যদি লংমার্চ করে বিদ্যুৎ দাবি করেন, তাহলে মনে রাখতে হবে, একটি বিদ্যুৎকেন্দ্র তৈরি করতে তিন বছরের কম সময় লাগে না। সবাইকে সামনে এগিয়ে নেওয়ার বিষয়ে সরকার অঙ্গীকারবদ্ধ।
প্রধান অতিথির বক্তব্যে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, দেশে এত মানুষ সুবিধাবঞ্চিত থাকার জন্য রাজনীতিবিদরাই দায়ী। এর জন্য অন্য কাউকে দায়ী করা যায় না। আমলাদের দোষ দেওয়া হলেও তারা রাজনীতিবিদদের অধীনেই কাজ করেন। একসময় আমলারা অনেক শক্তিশালী ছিলেন, তবে এখন সমাজ পরিচালনার চালিকাশক্তি ধীরে ধীরে রাজনীতিবিদদের হাতে এসেছে।
তিনি বলেন, ‘আমরা মানুষের জন্য কিছু করতে পারিনি। যারা রাজনীতি করি, তারা নিজেদের সুবিধা নিতে ব্যস্ত থাকি। সুবিধাবঞ্চিতদের নিয়ে কাজ করার আন্তরিকতা সব সময় থাকে না।’
স্পিকার আরও বলেন, অনেক ত্যাগের বিনিময়ে দেশে গণতান্ত্রিক সংসদ প্রতিষ্ঠিত হয়েছে। জনগণের শক্তির কারণেই বিগত সরকার ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে। এর কৃতিত্ব রাজনীতিবিদরা নিলেও জনগণ রাজপথে না নামলে মাফিয়াদের বিদায় করা সম্ভব হতো না।
তিনি বলেন, ‘এই শক্তি আমাদের এগিয়ে নিয়ে যাবে। এখন যে অসংগতি রয়েছে, সেগুলো কিছুই টিকবে না। কারণ জাতি জেগে উঠেছে।’
এসএ