ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে নতুন করে হামলা চালানোর দাবি করেছে। অন্যদিকে, হুতিদের হামলা ও সামরিক তৎপরতা নিয়ে উদ্বেগের মধ্যে ইয়েমেন ইস্যুতে নিষেধাজ্ঞার মেয়াদ আরও এক বছর বাড়িয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।
বৃহস্পতিবার সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, দেশটির রাজধানী রিয়াদ অঞ্চল ও পূর্বাঞ্চলে সন্দেহভাজন হুতি ড্রোনের একাধিক হামলা প্রতিহত করা হয়েছে।
হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন, সৌদি আরবের তেল অবকাঠামো ও সামরিক স্থাপনাকে লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে। এর মধ্যে ইস্ট-ওয়েস্ট পাইপলাইনের একটি পাম্পিং স্টেশন, লোহিত সাগর উপকূলের ইয়ানবু তেল স্থাপনা, শারুরাহ বিমানবন্দর এবং খামিস মুশাইত বিমানঘাঁটি রয়েছে। রিয়াদে সৌদি আরামকোর সদর দপ্তরেও হামলার দাবি করেছে গোষ্ঠীটি।
তবে এসব হামলার বিষয়ে হুতিদের বক্তব্যের সব তথ্য স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সর্বসম্মতিক্রমে ইয়েমেন-সংক্রান্ত নিষেধাজ্ঞা আরও এক বছর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এর আওতায় সম্পদ জব্দ ও ভ্রমণ নিষেধাজ্ঞার মতো ব্যবস্থা বহাল থাকবে। একই সঙ্গে সৌদি আরবের ওপর হুতিদের হামলা বন্ধের আহ্বান জানিয়েছে পরিষদ।
নিরাপত্তা পরিষদ সব পক্ষকে উত্তেজনা না বাড়িয়ে আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির আহ্বান জানিয়েছে। তবে নিষেধাজ্ঞার আওতায় মানবিক সহায়তা ও বেসামরিক মানুষের মৌলিক প্রয়োজনীয় পণ্য সরবরাহ বাধাগ্রস্ত হবে না বলেও স্পষ্ট করা হয়েছে।
অন্যদিকে, ইয়েমেনে চলমান সংঘাতের কারণে মানবিক পরিস্থিতির আরও অবনতি হচ্ছে। জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় দপ্তর জানিয়েছে, গত আগস্ট থেকে দেশটিতে ৩ লাখ ৩৩ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। শুধু গত এক সপ্তাহেই বাস্তুচ্যুত হয়েছে ২৪ হাজারের বেশি মানুষ।
সংস্থাটির মতে, সংঘাতের কারণে স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে, পরিবারগুলো ঘরবাড়ি ছাড়তে বাধ্য হচ্ছে এবং মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা কঠিন হয়ে পড়ছে।
এফএস