যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)। ইউরিয়া সারের প্রধান দুইটি কাঁচামাল তরল অ্যামোনিয়া ও কার্বন ডাই অক্সাইড।
২৪ ঘণ্টায় গড়ে ১ হাজার মেট্রিক টনের বেশি ইউরিয়া সার উৎপাদিত হচ্ছে এ কারখানায়। যার বাজার মূল্য সাড়ে চার কোটি টাকা।
শুক্রবার (১৩ নভেম্বর) ভোররাত ৩টার দিকে কারখানাটিতে পুনরায় ইউরিয়া উৎপাদন শুরু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমান।
তিনি বলেন, আমাদের সার কারখানা যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় ২৭ দিন বন্ধ ছিল। এক দিন বন্ধ থাকা মানে গড়ে তিন কোটি টাকার প্রডাকশন লস।
অপর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, বর্তমানে গ্যাস সরবরাহের সংকট নেই। আমরা চাহিদা অনুযায়ী পর্যাপ্ত গ্যাস পাচ্ছি।
জানা গেছে, এর আগে গত ১৭ অক্টোবর রাতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে ইউরিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। তার আগে দীর্ঘ ছয় মাস গ্যাস সংকটের কারণে সিইউএফএলের উৎপাদন বন্ধ ছিল। পরে গ্যাস সরবরাহ পেয়ে গত ১৫ সেপ্টেম্বর কারখানাটিতে উৎপাদন শুরু হয়। তবে চালুর ৪৮ ঘণ্টা না পেরোতেই যান্ত্রিক ত্রুটির কারণে উৎপাদন বন্ধ হয়ে যায়। এর ১২ দিন পর ত্রুটি কাটিয়ে সেপ্টেম্বরের শেষের দিকে ফের উৎপাদনে গেলেও কিছুদিন পর যান্ত্রিক ত্রুটির কারণে পুনরায় বন্ধ হয়ে যায় কারখানাটি। প্রায় ৪০ বছরের পুরোনো কারখানাটিতে বিভিন্ন সময় যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ফলে হঠাৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। একবার উৎপাদন বন্ধ হলে ত্রুটি শনাক্ত ও মেরামত করে পুনরায় উৎপাদনে ফিরতে বেশ সময় লেগে যায়। সার কারখানা বন্ধ থাকলে যন্ত্রাংশ নষ্ট হয়, পাইপ লাইনে মরিচা পড়ে লিকেজ হয়ে যায়।
সূত্র জানায়, সরকারের শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের প্রতিষ্ঠান চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)। কর্ণফুলী নদীর মোহনায় চট্টগ্রাম জেলায় আনোয়ারা উপজেলাধীন রাঙ্গাদিয়ায় প্রাকৃতিক গ্যাস থেকে নাইট্রোজেন সমৃদ্ধ প্রিল্ড ‘ইউরিয়া সার’ উৎপাদনের লক্ষ্যে কারখানাটি স্থাপন করা হয়। ১৯৮৫ সালের অক্টোবর মাসে সিইউএফএল কারখানার কন্সট্রাকশনের কাজ শুরু হয় এবং ১৯৮৭ সালের ২৯ অক্টোবর কারখানাটি পরীক্ষামূলকভাবে উৎপাদন শুরু করে।
১৯৮৮ সালের ফেব্রুয়ারি থেকে সিইউএফএল বাণিজ্যিক উৎপাদনে যায়। কারখানাটির জেনারেল কন্ট্রাক্টর জাপানের মেসার্স টয়ো ইঞ্জিনিয়ারিং করপোরেশন। সিইউএফএল কারখানাতে একটি জেটি রয়েছে, যার দৈর্ঘ্য ১৭০ মিটার এবং প্রস্থ ২৫ মিটার। জেটিটি সিইউএফএল ছাড়াও ডিএপিএফসিএলের কাঁচামাল ফসফরিক এসিড আনলোডিংয়ের কাজে ব্যবহার হয়ে থাকে। তাছাড়াও দেশের বিভিন্ন স্থানে ছোট লাইটার জাহাজের মাধ্যমে সার সরবরাহের জন্য একটি লোকাল জেটিও রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে যান্ত্রিক ত্রুটি, গ্যাস সংকটসহ নানা কারণে স্বাভাবিক উৎপাদনে ছন্দপতন ঘটেছে। তবুও সার উৎপাদনের মাধ্যমে দেশের কৃষি খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কারখানাটি।
টিআই