ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সাজেকের অবরোধ ও প্রশাসনিক নিষেধাজ্ঞার প্রভাব
শীতের শুরুতেই পর্যটক সংকট, ফাঁকা হোটেল-মোটেল
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৫:২৭ পিএম
X

শীতের শুরুতেই পর্যটকে মুখরিত হওয়ার কথা পাহাড়ি জেলা রাঙামাটির পর্যটনকেন্দ্রগুলো। প্রতিবছর এ সময় পর্যটকদের পদচারণায় জমজমাট হয়ে ওঠে শহরের হোটেল-মোটেল, রিসোর্ট ও দর্শনীয় স্থানগুলো। কিন্তু এবার চিত্র সম্পূর্ণ ভিন্ন। সাজেক ভ্যালিতে চলমান সড়ক অবরোধ ও প্রশাসনের পর্যটক যাতায়াতে নিষেধাজ্ঞার নেতিবাচক প্রভাবে পর্যটক সংকটে পড়েছে পুরো রাঙামাটির পর্যটন খাত। ছুটির দিনেও পর্যটকদের তেমন দেখা মিলছে না। ফাঁকা পড়ে রয়েছে অধিকাংশ হোটেল-মোটেল ও রিসোর্ট।

গত ২২ অক্টোবর থেকে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রাঙামাটি-সাজেক সড়কে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি পালন করা হচ্ছে। এ পরিস্থিতিতে একই দিন জেলা প্রশাসন সাজেকে পর্যটকদের যাতায়াতে সাময়িক নিষেধাজ্ঞা জারি করে। এতে সাজেককেন্দ্রিক পর্যটন ব্যবসা স্থবির হয়ে পড়ার পাশাপাশি এর প্রভাব পড়েছে রাঙামাটি শহরের সামগ্রিক পর্যটন ও ব্যবসা-বাণিজ্যে।

রাঙামাটির অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ ঝুলন্ত সেতুতেও এখন পর্যটকদের চেনা ভিড় নেই। সপ্তাহের ছুটির দিনেও সেতু এলাকায় পর্যটকদের উপস্থিতি ছিল একেবারেই কম। গত সোমবার বিকেলে সেখানে হাতে গোনা কয়েকজন স্থানীয় বাসিন্দা ছাড়া পর্যটকদের তেমন দেখা যায়নি।

ঝুলন্ত সেতুর টিকিট কাউন্টারের ম্যানেজার হাসান আহমেদ সোহেল জানান, শীত মৌসুমে যেখানে প্রতিদিন ১০০টির বেশি টিকিট বিক্রি হতো, সেখানে পর্যটক সংকটের কারণে বর্তমানে টিকিট বিক্রি প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে।

রাঙামাটি ট্যুরিস্ট বোট ওনার্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মো. রমজান আলী বলেন, সাজেক বন্ধ থাকায় রাঙামাটি শহরের সামগ্রিক পর্যটন ব্যবসা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পর্যটকের সংখ্যা কমে যাওয়ায় বোটসহ পর্যটনসংশ্লিষ্ট বিভিন্ন ব্যবসায়ীরা লোকসানের মুখে পড়েছেন।

রাঙামাটি হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ইউসুফ চৌধুরী বলেন, বর্তমানে হোটেল-মোটেলগুলোতে বুকিংয়ের হার অত্যন্ত কম। অল্পসংখ্যক যে পর্যটক আসছেন, তারাও সার্বিক পরিস্থিতি বিবেচনায় দ্রুত ফিরে যাচ্ছেন।

তিনি জানান, পর্যটকদের রাঙামাটি ভ্রমণে উৎসাহিত করতে শুক্র ও শনিবার হোটেল-মোটেলগুলোতে ২০ শতাংশ বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। পাশাপাশি পর্যটকদের বিনোদনের জন্য শুক্রবার সন্ধ্যায় শহরে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

‘রাঙাদীপ রিসোর্ট’-এর পরিচালক অলোক ব্রত চাকমা বলেন, সাজেকে অবরোধের কারণে অনেক পর্যটকের মধ্যে ভুল ধারণা তৈরি হয়েছে যে পুরো রাঙামাটি ভ্রমণই বুঝি অনিরাপদ বা অসম্ভব। অথচ সাজেক থেকে রাঙামাটি শহরের দূরত্ব প্রায় ১৫০ কিলোমিটার। রাঙামাটি শহরের পর্যটনকেন্দ্রগুলোতে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।
রাঙামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সের ম্যানেজার অলোক বিকাশ চাকমা বলেন, বর্তমানে তাদের মোট কক্ষের মাত্র ২০ শতাংশ বুকিং রয়েছে। তবে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হলে পর্যটকদের আগমন আবারও বাড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সংশ্লিষ্ট পর্যটন ব্যবসায়ীরা মনে করছেন, সাজেকের চলমান সংকটের কারণে রাঙামাটির সামগ্রিক পর্যটন সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে। এ অবস্থায় রাঙামাটির স্বাভাবিক পর্যটন পরিস্থিতি দেশজুড়ে তুলে ধরা, পর্যটকদের আস্থা ফেরানো এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগ নেওয়া জরুরি। অন্যথায় শীত মৌসুমের গুরুত্বপূর্ণ পর্যটন সময়টিতে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন পর্যটন খাতের সঙ্গে জড়িত ব্যবসায়ী ও কর্মজীবীরা।

মহিউদ্দিন/ টিআই
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝