গাজীপুর মহানগরের পূবাইল রেলস্টেশন এলাকা অতিক্রম করার পর ঢাকাগামী আন্তঃনগর এগারোসিন্ধুর গোধূলি এক্সপ্রেস (৭৫০) ট্রেনের ইঞ্জিনে হঠাৎ ধোঁয়া ও আগুনের আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। এতে ট্রেনের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয় এবং প্রাণভয়ে অনেকে তাড়াহুড়ো করে ট্রেন থেকে নিচে নেমে পড়েন।
স্থানীয় ও ট্রেনযাত্রী সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী এগারোসিন্ধুর গোধূলি ট্রেনটি বিকেল সাড়ে ৪টার দিকে গাজীপুরের পূবাইল রেলস্টেশন অতিক্রম করে। স্টেশন পার হওয়ার কিছুক্ষণের মধ্যেই ট্রেনের ইঞ্জিন থেকে হঠাৎ প্রচণ্ড কালো ধোঁয়া বের হতে দেখা যায়। চালক তাৎক্ষণিকভাবে ট্রেনটি থামিয়ে দেন।
ইঞ্জিনের ঠিক পাশের কোচে থাকা কয়েকজন যাত্রী সামাজিক যোগাযোগমাধ্যম মহানগর গোধূলী-তে সরাসরি ভিডিও (লাইভ) সম্প্রচার করে জানান, পূবাইল পার হওয়ার পরপরই ইঞ্জিন থেকে ধোঁয়া উঠতে দেখে যাত্রীদের মধ্যে 'আগুন আগুন' বলে চিৎকার শুরু হয়। আতঙ্কিত যাত্রীরা দরজা-জানালা দিয়ে নামার জন্য দৌড়াদৌড়ি শুরু করেন।
ঘটনাস্থল থেকে প্রকাশিত সরাসরি ভিডিও ফুটেজে দেখা গেছে, ট্রেনটি পূবাইল অতিক্রম করে আউটার সিগন্যালের কাছাকাছি এলাকায় দাঁড়িয়ে আছে এবং ইঞ্জিনের অংশ থেকে ধোঁয়া নির্গত হচ্ছে।
তাৎক্ষণিকভাবে ট্রেন থামিয়ে দেওয়ায় বড় ধরনের কোনো দুর্ঘটনা বা অগ্নিকাণ্ডের বিস্তার ঘটেনি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এটি যান্ত্রিক ত্রুটির কারণে ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে ধোঁয়া বের হওয়ার ঘটনা, নাকি অন্য কোনো কারণ রয়েছে-তা তাৎক্ষণিকভাবে রেলওয়ে কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বিবৃতিতে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি মাত্রই ঘটায় রেলওয়ে প্রকৌশল বিভাগ ও সংশ্লিষ্ট স্টেশন মাস্টারদের আনুষ্ঠানিক বক্তব্য এবং বিস্তারিত তদন্ত প্রতিবেদন পাওয়ার অপেক্ষা করা হচ্ছে।
রেজাউল করিম মজুমদার/টিআই