ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি কাভার্ডভ্যান বিকল হয়ে পড়ায় কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন দূরপাল্লার বাসযাত্রীসহ বিভিন্ন যানবাহনের চালক ও সহকারীরা।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে দাউদকান্দি এলাকায় মেঘনা-গোমতী সেতুর ঢালে একটি কাভার্ডভ্যান বিকল হয়ে পড়ে। এতে মহাসড়কের কুমিল্লামুখী লেনে যান চলাচল ব্যাহত হয়। একপর্যায়ে যানবাহনের দীর্ঘ সারি গজারিয়া অংশে প্রায় ১৩ কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়ে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত যানজট কিছুটা কমলেও মহাসড়কে যানবাহন চলাচলে ধীরগতি রয়েছে।
শাহাবুদ্দিন নামে এক বাসযাত্রী বলেন, ‘আমি ঢাকায় চাকরি করি। সরকারি ছুটির দিনে গ্রামের বাড়িতে বিভিন্ন কাজে যেতে হয়। কিন্তু মহাসড়কে যানজটের কারণে আমাদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। এ সমস্যার স্থায়ী সমাধান জরুরি।’
যানজটে আটকে থাকা ট্রাকচালক সিরাজুল ইসলাম পিন্টু বলেন, গজারিয়া উপজেলার জামালদী এলাকা থেকেই তিনি যানজটে পড়েছেন। ভাটেরচর বাসস্ট্যান্ডে পৌঁছাতে তাঁর দেড় ঘণ্টা সময় লেগেছে।
অপর ট্রাকচালক শাকিল মিয়া বলেন, জামালদী এলাকা থেকে যানজটে পড়েছেন তিনি। আনারপুরা বাসস্ট্যান্ডে পৌঁছাতে তাঁর প্রায় এক ঘণ্টা সময় লেগেছে।
ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মনিরুজ্জামান বলেন, দাউদকান্দি এলাকায় মেঘনা-গোমতী সেতুর ঢালে একটি কাভার্ডভ্যান বিকল হয়ে পড়ায় যানজটের সৃষ্টি হয়।